শেরপুরের শ্রীবরদীতে কুড়াবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে পড়ে গিয়ে ফকির মিয়া (৪০) নামে ট্রলিচালক নিহত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি রবিবার রাতে শেরপুর-শ্রীবরদী সড়কের কুড়িকাহনীয়া এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ফকির মিয়া সদর উপজেলার পাকুরিয়া গ্রামের আতিকুর রহমানের ছেলে।
জানা যায়, রবিবার রাত ৯টার দিকে জামালপুরের বকশীগঞ্জ থেকে শেরপুরগামী কুড়াবোঝাই ট্রলিটি শেরপুর-শ্রীবরদী সড়কের কুড়িকাহনীয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী একটি ধান ক্ষেতে পড়ে যায় । এতে কুড়ার বস্তার চাপায় ট্রলিচালক ফকির মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয় এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় ফকির মিয়াকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, ওই ঘটনায় থানায় কেউ মামলা দেয়নি। তবে নিহতের পরিবারের আবেদনক্রমে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।




