স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নতুন করে আরও ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে শেরপুর সদরে ৬ জন ও নালিতাবাড়ীতে ১ জন রয়েছেন। ১৮ আগষ্ট মঙ্গলবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হলেন ৩৯২ জন। ওইসময়ে সুস্থ হয়েছেন ৩১১ জন। আর ৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে করোনার উপসর্গ নিয়ে মৃত এক গৃহবধূর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তিনি হলেন শহরের শিববাড়ী এলাকার মনিরুজ্জামানের স্ত্রী শামীমা আক্তার (৪২)। গত সোমবার ভোরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সদরের ইউএইচএফপিও মো. মোবারক হোসেন করোনায় শামীমা আক্তারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। গত রোববার তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল।
সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ জানান, মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত ৩৯২ জনের মধ্যে শেরপুর সদরে ১৮৮, নকলায় ৬৪, নালিতাবাড়ীতে ৭৩, ঝিনাইগাতীতে ৩২ ও শ্রীবরদী উপজেলায় ৩৫ জন রয়েছেন। ঈদুল আজহার পর শেরপুরে করোনার বিস্তার বেড়ে চলেছে। তাই করোনার বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলাবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।









