স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ‘ক্লুলেস’ রিক্সাচালক আনসার আলী হত্যারহস্য উদঘাটন করেছে পুলিশ। জুতার সূত্র ধরে পর্যায়ক্রমে ওই মামলার ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে শ্রীবরদী উপজেলার শৈলারপাড় গ্রামের রুহুল আমিনের ছেলে সাগর (১৮), একই উপজেলার পূর্বঘোনাপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে বিল্লাল মিয়া (২৫) ও চৈতাজানি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সাইম মিয়া (১৮)। ১৯ আগস্ট বুধবার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম সাক্ষরিত এক প্রেস রিলিজে ওই তথ্য জানানো হয়।
ওই বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বলেন, ক্লুলেস হওয়ার পরও ঘটনার ৩ সপ্তাহের মধ্যে চাঞ্চল্যকর রিক্সাচালক আনসার আলীর হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে। ওই ঘটনায় জড়িত ৩ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তারা ১৮ আগস্ট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। একই কথা উল্লেখ করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ইতোমধ্যে ওই হত্যা মামলার রহস্য উদঘাটনের পাশাপাশি তদন্তেও যথেষ্ট অগ্রগতি হয়েছে। ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। দ্রুতই তদন্ত শেষ করে তাদের বিচারের মুখোমুখি করা হবে।

প্রেস রিলিজে বলা হয়, গত ২৯ জুলাই বিকেল ৩টার দিকে শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের শৈলারকান্দা গ্রামের শৈলারবিল থেকে সদর উপজেলার উত্তর নওহাটা (তাতালপুর) এলাকার রিক্সাচালক আনসার আলীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের পাশে রাস্তার কিনারা থেকে ভিকটিমের পায়ের জুতা ও তার পাশে আরেক জোড়া জুতা উদ্ধার করা হয়। ভিকটিমের লাশ সনাক্তের পর তার স্ত্রী জরিনা বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তার স্বামীকে হত্যা ও লাশ গুম করার অভিযোগ দায়ের করে। ওই ঘটনায় ৩০ জুলাই একটি হত্যা মামলা রুজু হয়।
মামলাটি রুজু হওয়ার পর শ্রীবরদী থানা পুলিশ মামলার রহস্য উদঘাটন ও আসামীদের সনাক্তকরণসহ গ্রেফতারের জন্য তদন্তে মাঠে নামে পুলিশ। প্রথম অবস্থায় উদ্ধারকৃত জুতা ব্যতিত আর কোন ক্লু না থাকায় সেই জুতার সূত্র ধরেই ঘটনাস্থলের আশপাশের গ্রামগুলোতে জুতা ব্যবহারকারীর পরিচয় খোঁজার জন্য চেষ্টা চলতে থাকে। পাশাপাশি প্রযুক্তি ব্যবহার করে মামলার রহস্য উদঘাটনের জন্য চেষ্টা অব্যাহত থাকে। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম তাৎক্ষণিক জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
মামলা রুজুর প্রায় এক সপ্তাহ পর পুলিশ জুতা ব্যবহারকারীর পরিচয় সনাক্তের জন্য একটি ক্লু খুজে পায়। পুলিশ জানতে পারে যে, একই রকম নতুন একজোড়া জুতা বর্তমানে একজনের পায়ে রয়েছে। সেই ব্যক্তিকে সনাক্ত করার জন্য সোর্সের সাথে সাক্ষাতের লক্ষ্যে শ্রীবরদী থানা পুলিশ শৈলারপাড় যাওয়ার প্রাক্কালে বিকেল অনুমান সাড়ে ৫ টার দিকে শৈলারবিলের রাস্তার ফাকা জায়গায় ব্রিজের উপর পৌছে একজন তরুণকে মোবাইল নিয়ে ব্যস্ত অবস্থায় দেখতে পায়।
তার কাছাকাছি পৌছে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নাম সাগর (১৮), সে স্থানীয় রুহুল আমিনের ছেলে। তার সাথে কথা বলার প্রাক্কালে তার পায়ে পরিহিত জুতার দিকে তাকিয়ে দেখা যায়, মামলার ঘটনাস্থল হতে উদ্ধার হওয়া জুতার ডিজাইন এবং তাহার পরিহিত জুতার ডিজাইন একই রকম। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিক সোর্সের সাথে কথা বললে সোর্স জানায়, এই ব্যক্তিই সেই ব্যক্তি। তখন তার জুতা কবে কিনেছে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানায়, তার আগের জুতাগুলো পুরাতন ও ছিয়ে যাওয়ায় গত ২৯ জুলাই সে নতুন জুতা ক্রয় করেছে। তার সাথে কথা বলার প্রাক্কালে তার ব্যবহৃত মোবাইল নাম্বার সংগ্রহ করা হয়। তার পুরাতন জুতাগুলো দেখার জন্য কৌশলে তাকে নিয়ে তাদের গ্রামে তার বাড়িতে যাওয়া হয়। তাদের বাড়ি যাওয়ার কথা বলে সে ইতস্তত ও বিব্রত বোধ করে। তখন তাকে নিয়ে তাদের বাড়িতে গেলে তার বৃদ্ধা দাদী এগিয়ে আসেন। পরে তার পুরাতন জুতাগুলো আনার জন্য সন্দিগ্ধ সাগরকে বলা হলে সে জুতা আনতে ভিতরে যায়। এর মধ্যে শ্রীবরদী থানা পুলিশ সন্দিগ্ধ সাগরের দাদীর সাথে কথা বলে জানতে পারে যে, সাগরের মা নেই, তারা খুব গরিব বিধায় তাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা।
সাগরের নতুন জুতার ব্যপারে জিজ্ঞেস করলে তার দাদী জানান, তাদের পুরাতন জুতাগুলো নিজেরাই সেলাই করে পায়ে দেন। পুরাতন জুতাগুলো ছিড়ে যাওয়ায় ঈদের আগে সাগরকে এক জোড়া জুতা কিনে দেয়া হয়েছে। এদিকে সাগর পুরাতন জুতা আনতে গিয়ে পালিয়ে যায়। তখন তাকে খোঁজাখুজি না করে তার দাদীর সাথে সাগরের পড়াশোনার বিষয়ে কথা বলে শ্রীবরদী থানা পুলিশ কৌশলে চলে আসে। আসার সময় শ্রীবরদী থানা পুলিশের মোবাইল নাম্বারও দিয়ে আসা হয়। যেন প্রয়োজনে তারা যোগাযোগ করেন। এরপর সন্দিগ্ধ সাগরের ব্যবহৃত মোবাইল নাম্বারের কললিস্ট সংগ্রহ করা হয়। কললিস্ট পর্যালোচনায় ঘটনার দিন সাগরের অবস্থান মামলার ঘটনাস্থল শৈলার বিলের রাস্তায় দেখা যায়। সাগরের দাদির ভাষ্যমতে, তাদের পুরাতন ও ছেড়া জুতাগুলো নিজেরাই সেলাই করে ব্যবহার করেন। মামলার ঘটনাস্থল হতে উদ্ধার হওয়া জুতা পর্যবেক্ষণেও দেখা যায় যে, জুতাগুলো কোন মুচি দ্বারা সেলাই করা নয়। বরং নিজ হাতে সেলাই করা। এদিকে সাগর তার পুরাতন জুতা আনতে গিয়ে পালিয়ে যাওয়া, তার ব্যবহৃত মোবাইল অবস্থান ঘটনার দিন ঘটনাস্থলে হওয়ায় এবং উদ্ধার হওয়ার জুতার ডিজাইন ও সাগরের পায়ে থাকা নতুন জুতার ডিজাইন একই হওয়া সাগরকে সন্দিগ্ধ হিসেবে ধরে নেয়া হয়।
শ্রীবরদী থানা পুলিশ মোটামুটি নিশ্চিত হয় যে, সাগরকে পাওয়া গেলে মামলার জট ও মূল রহস্য উদঘাটিত হবে। তখন বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। সেই চেষ্টা থেকেই স্থানীয় বিট পুলিশিং এর সদস্যদের মাধ্যমে সাগরের পরিবারের সাথে যোগাযোগ অব্যাহত রেখে অভিযান পরিচালনা করে গত ১৭ আগস্ট সাগরকে শ্রীবরদী থানা পুলিশের হেফাজতে নেয়া হয়। শ্রীবরদী থানা পুলিশের উপর্যুপরী জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাগর ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং ঘটনা সাথে জড়িত অন্যান্যদের নাম প্রকাশ করে। তার দেওয়া তথ্যমতে, পুলিশ ঘটনা সাথে জড়িত বিল্লাল মিয়া ও সাইম মিয়াকে গ্রেফতার করে। ওই আসামিগণ ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং ৩ আসামিই আদালতে ১৬৪ ধারায় তাদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
আসামিগণ ঘটনা সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে জানায় যে, আসামিদের মধ্য হতে বিল্লাল ও সাইম শেরপুর সদর উপজেলার তাতালপুর বাজার হতে ভিকটিম আনসার আলীর অটোরিক্সা ভাড়া নিয়ে তাতালপুর বাজার হতে কালিবাড়ী বাজারের কথা বলে নিয়ে যায়। কালিবাড়ী বাজারে যাবার পর তারা নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া দিতে চাইলে রিক্সাচালক আনছার আলী কম ভাড়া নিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে তাদর মধ্যে কথা কাটাকাটি হয়। তখন বিল্লাল ও সাইম তাদেরকে আরেকটু এগিয়ে দিতে বলে এবং সেখানে তাদের লোকের কাছ থেকে ভাড়া নিয়ে দিবে বলে জানায়। একপর্যায়ে রিক্সাচালক আনসারকে কালিবাড়ী হতে কুরুয়া রাস্তা ধরে যাওয়ার সময় শৈলারবিলের মাঝামাঝি বড় ব্রিজের কাছে গিয়ে ভিকটিম আনসার আলীকে তার ভাড়া না দিয়ে বিল্লাল ও সাইম উল্টো তার সাথে খারাপ ব্যবহার শুরু করে। তখন সেখানে আগে থেকেই অবস্থান করা সাগরসহ অন্যরা ভিকটিম আনসার আলীকে উপর্যুপরী কিলঘুষি মারতে থাকে এবং তার পকেটে থাকা টাকা ছিনিয়ে নেয়। তাদের মধ্যে একজন আনসার আলীর গলা চেপে ধরে ধাক্কা দিলে আনসার আলী ব্রিজ হতে পানিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তখন ৫/৬ জন আসামি আনসার আলীকে পানিতে চুবিয়ে মৃত্যু নিশ্চিত করে। এরপর আরও ৪/৫ জন আনসার আলীর শরীর হতে শার্ট এবং লুঙ্গী খুলে তার লাশ বিলের কচুরীপানার নিচে লুকিয়ে রাখে। ধৃত আসামিদের দেয়া তথ্যে ঘটনার সাথে মোট ১২ জন জড়িত রয়েছে বলে জানা যায়।









