নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় রাজিব মিয়া (৩০) নামে এক পথচারী যুবক নিহত হয়েছে। ৩১ জুলাই শুক্রবার সকালে উপজেলার কুর্শাবাগৈড় এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কে ওই দূর্ঘটনা ঘটে। ওই সময় কাভার্ডভ্যানের চালক ও চালকের সহকারীও আহত হয়। পরে তাদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শেরপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কাভার্ডভ্যানটি কুর্শাবাগৈড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের কাঁচা অংশ দিয়ে হেটে যাওয়া রাজিব মিয়াকে পিছন থেকে ধাক্কা দেয় এবং ভ্যানটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে রাজিব মিয়া ছিটকে রাস্তার পাশের এক গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শম্বুগঞ্জ এলাকায় পৌঁছলে সে মারা যায়। আর চালক আহত কাউসার ও চালকের সহকারী আহত নিলয়কে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা আপাতত শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকগন।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু হয়েছে।
নিহত রাজিব নকলা পৌরসভার কুর্শাবাগৈড় এলাকার চা বিক্রেতা নেকবর আলীর ছেলে ও রাজধানী ঢাকায় গাড়ীর বডি নির্মাণ কারখানায় চাকরি করতেন। অন্যদিকে কাভার্ডভ্যানের আহত চালক নরসিংদীর রামনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে কাউসার মিয়া এবং চালকের সহকারী ভৈরবের কমলাপুর এলাকার লিয়াকত আলীর ছেলে নিলয়।









