নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের নিকট থেকে আভ্যন্তরিণ বোরো ধান ক্রয়ের লক্ষ্যে শেরপুরের নকলায় তালিকাভুক্ত কৃষকের মধ্যে থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১৬ মে শনিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে ওই লটারির মাধ্যমে কৃষক নির্বাচনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ও উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার। উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান, নকলা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আলমগীর আজাদসহ ইউপি চেয়ারম্যানগণ, উপ-সহকার কৃষি কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, নকলা উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ২ হাজার ৪৪১ মেট্রিক টন ধান ক্রয় লক্ষ্যমাত্রার বিপরীতে ১ হাজার ২২১ জন কৃষক লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। প্রতিজন কৃষক মোট ২ টন করে ১০৪০ টাকা দরে ধান সরকারি গুদামে বিক্রয় করতে পারবেন। ওই লটারিতে মোট আবেদন জমা পড়েছে ৬ হাজার ৯৯৭ টি।

























