আন্তর্জাতিক ডেস্ক : চীনের গবেষণাগার থেকে করোনাভাইরাসের উৎপত্তির প্রমাণ নাকি দেখেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ওই দাবির একদিন পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আগের মতোই জোর গলায় বললো, নতুন করোনা ভাইরাসের উৎস প্রাকৃতিক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ওই খবর জানিয়েছে।

বিজ্ঞানীদের বিশ্বাস- প্রাণঘাতী ভাইরাসটি প্রাণী থেকে মানুষের দেহে প্রবেশ করেছে। গত বছরের শেষ দিকে চীনের উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে এটি ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু ট্রাম্পের দাবি করোনার উৎপত্তি হয়েছে উহানের একটি গবেষণাগার থেকে। যদিও চীন বারবার তা অস্বীকার করে আসছে।
বৃহস্পতিবার মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্সও এক বিবৃতিতে জানায়, করোনা মানবসৃষ্ট কিংবা জিনগতভাবে পরিবর্তিত হওয়ার প্রমাণ পায়নি তারা। তাছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনও একই কথা জানান। কিন্তু ওইদিনই ট্রাম্প জোর গলায় বলেন, উহানের একটি ভাইরোলোজি গবেষণাগার করোনাভাইরাসের উৎস। তিনি প্রমাণও দেখেছেন। যদিও বিস্তারিত কিছু বলতে পারেননি।

শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ট্রাম্পের ওই দাবি নিয়ে প্রশ্ন করা হলে ডব্লিউএইচও’র জরুরিবিষয়ক প্রধান মাইকেল রায়ান বলেছেন, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ‘বারবার শুনে এসেছে করোনাভাইরাসের উৎস খুঁজতে বহু বিজ্ঞানী কাজ করছেন।’ সংস্থাটির আগের অবস্থানই পরিষ্কার করলেন তিনি, ‘আমাদের নিশ্চয়তা দেওয়া হয়েছে ভাইরাসটির উৎস প্রাকৃতিক।’


























