ফুলেল শুভেচ্ছায় উৎসাহিত করল পুলিশ
স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মাদকের করাল গ্রাস থেকে বাঁচতে থানায় গিয়ে আত্মসমর্পণ করেেেছন এরশাদ আলী (৪০) নামে এক মাদকসেবী। ১১ জানুয়ারি শনিবার রাতে ওই মাদকসেবী সদর থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ওইসময় সে ভবিষ্যতে আর মাদক সেবন না করার লিখিত অঙ্গীকারনামা প্রদান করলে পুলিশ কর্মকর্তারা তার পরিবারের সদস্যদের মিষ্টি মুখ করান। এরশাদ সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের পাইকরতলা গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে ও পেশায় ইটভাটার শ্রমিক।
জানা যায়, প্রায় ৪ বছর আগে স্থানীয় কিছু অসৎ ব্যক্তির প্রলোভনে পড়ে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িয়ে পড়ে ইটভাটা শ্রমিক ও ৪ সন্তানের জনক এরশাদ আলী। দীর্ঘদিন মাদক সেবন ও বিক্রি করায় এরশাদের সংসারে অশান্তির সৃষ্টি হয়। ওইসব ঘটনায় বিভিন্ন সময় সদর থানায় মাদক আইনে ৩টি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। বর্তমানে মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে।

এদিকে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে জঙ্গী, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং এবং গ্রেফতারী পরোয়ানা তামিলের লক্ষ্যে বিশেষ শান্তি সমাবেশের মাধ্যমে সচেতন হয়ে এরশাদের স্ত্রী শিলা বেগম ও এরশাদের বাবা-মা বলাইয়েরচর ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলীর কাছে গিয়ে পরামর্শ করেন। পরে ইউপি চেয়ারম্যানসহ পরিবার-পরিজন নিয়ে শনিবার রাতে সদর থানায় গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ও শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের কাছে বিস্তারিত ঘটনা তুলে ধরেন এবং মাদক সেবন ও বিক্রি না করার অঙ্গীকারনামা প্রদান করেন।
অঙ্গীকারনামায় এরশাদ পূর্বের সমস্ত ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখে সমাজে একজন ভালো মানুষ হিসেবে থাকার সুযোগ চেয়েছেন। তিনি বলেন, আমি না বুঝে খারাপ লোকদের খপ্পরে পড়ে নেশার জগতে চলে গিয়েছিলাম। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাই সমাজে স্ত্রী-সন্তান ও পরিবারের লোকজনদের নিয়ে ভালোভাবে বাঁচার সুযোগ চাই।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, নিজের ভালোটা বুঝতে পারায় আমরা তার অঙ্গীকারনামাটি আমলে নিয়েছি। তার মতে, এটি পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমের নেতৃত্বে পরিচালিত জেলা পুলিশের শান্তি সমাবেশের সুফল।









