ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ট্রলি ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে তাইজুদ্দিন (৪৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে। ৬ জানুয়ারি সোমবার বিকেলে শেরপুর-ঝিনাইগাতী সড়কের কালিবাড়ী নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত তাইজুদ্দিন উপজেলা সদরের মৃত আব্দুল জলিলের পুত্র।

জানা যায়, সোমবার বিকেল ৩টার দিকে তাইজুদ্দিন তার ইজিবাইকে যাত্রী নিয়ে ঝিনাইগাতী থেকে শেরপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে কালিবাড়ী নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা শ্যালোইঞ্জিনচালিত একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে তাইজুদ্দিন গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা আহত তাইজুদ্দিনকে উদ্ধার করে জেলা সদর সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ফুলপুর এলাকায় তাইজুদ্দিনের মৃত্যু ঘটে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









