স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে একই এলাকায় থাকা ৩টি প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠিত হয়েছে একযোগে ও একই মেয়াদে। ২৩ আগস্ট শুক্রবার বাদ জুম্মা শহরের দমদমা মহল্লায় স্থানীয় হাফেজিয়া মাদ্রাসা, জামে মসজিদ ও ঈদগাহ মাঠ পরিচালনায় ওইসব পৃথক কমিটি গঠিত হয়েছে। আর একযোগে ওই কমিটিগুলো ঘোষণা করেছেন ওইসব প্রতিষ্ঠানের কমিটি গঠনকল্পে গঠিত এডহক কমিটির আহবায়ক জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি, স্থানীয় অধিবাসী এডভোকেট রফিকুল ইসলাম আধার। অন্যদিকে ওই মহল্লার ইতিহাসে একই সাথে একই মেয়াদে ৩ প্রতিষ্ঠানের কমিটি ঘোষণার ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে সন্তোষের ছায়া।
জানা যায়, বিভিন্ন এলাকায় থাকা মসজিদ-মাদ্রাসা ও ক্লাব-সমিতির পরিচালনা কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরেও সেগুলোর কমিটি পুনর্গঠন না করে মেয়াদোত্তীর্ণ কমিটি বহাল থাকায় সুষ্ঠু কার্যক্রম যেমন ব্যাহত হয়, ঠিক তেমন এলাকায় দেখা দেয় অসন্তোষ। আর সেই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে অনেক ইতিহাস-ঐতিহ্যের ধারক শেরপুর শহরের দমদমা মহল্লায় গ্রহণ করা হয় ব্যতিক্রমী উদ্যোগ। বিশিষ্ট সংগঠক ও স্থানীয় ঐতিহ্যবাহী পুরাতন ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম আধার গত ১২ আগস্ট ঈদুল আজহার নামাজ শেষে ভেঙে দেন মেয়াদোত্তীর্ণ কমিটি। এরপর তিনি ও শেরপুর পৌরসভার কর্মচারী সংসদের সভাপতি স্থানীয় অধিবাসী ফারুক আহম্মেদের উদ্যোগে অন্যান্য প্রতিষ্ঠানের কমিটিগুলোও ভেঙে দিয়ে একই সময়ে ও একই মেয়াদে কমিটি গঠনের জন্য সাড়া দেন স্থানীয় জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোশাররুফুল ইসলাম মাস্টার ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা আকন্দ এবং হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী মাস্টার ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুর রহিমসহ অন্যান্যরা।
সেই উদ্যোগের আওতায় গত ১৬ আগস্ট বাদ জুম্মা স্থানীয় জামে মসজিদে ভেঙে দেওয়া হয় মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটি। সেইসাথে এডভোকেট রফিকুল ইসলাম আধারকে আহবায়ক করে ৭ দিন মেয়াদে গঠিত হয় ৩টি প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে ৮ সদস্যের একটি এডহক কমিটি। ওই এডহক কমিটিতে ফারুক আহমেদ যুগ্ম আহবায়ক এবং দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাছুদুল আলম সরকারসহ অন্যান্যের মধ্যে ছিলেন সমাজসেবক-ব্যবসায়ী মোঃ দুলাল মিয়া, জয়নাল আবেদীন হাজারী, শিক্ষক রফিকুল ইসলাম আকন্দ, সমাজসেবক জিন্নাহ আলী ও খন্দকার আল আমিন। তারা ওই মহল্লার বিদ্যমান ৫টি সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে গঠন করেন ৩ প্রতিষ্ঠানের ১৫ সদস্যের পৃথক ৩টি কমিটি।
২৩ আগস্ট শুক্রবার বাদ জুম্মা একযোগে ওই কমিটিগুলো ঘোষণা করা হয়। এ উপলক্ষে এডহক কমিটির আহবায়ক এডভোকেট রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ সমাজসেবক আলহাজ্ব মোঃ মোশাররুফুল ইসলাম মাস্টার, মোহাম্মদ আলী মাস্টার, ফরিদ উদ্দিন সরকার, আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা আকন্দ, মাছুদুল আলম সরকার, আলহাজ্ব মোঃ আব্দুর রহিম, ফারুক আহমেদ, দুলাল মিয়া, জয়নাল আবেদীন হাজারি, মোঃ আব্দুল্লাহ, রফিকুল ইসলাম আকন্দ, আলহাজ্ব মোঃ হাছানুজ্জামান সিদ্দিকী প্রমুখ। পরে দমদমা জামে মসজিদ কমিটির সভাপতি পদে মোহাম্মদ আলী মাস্টার ও সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল্লাহ, দমদমা হাফেজিয়া মাদ্রাসা কমিটির সভাপতি পদে আলহাজ্ব মোঃ মোশাররুফুল ইসলাম মাস্টার ও সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মোঃ আব্দুর রহিম এবং দমদমা পুরাতন ঈদগাহ মাঠ কমিটির সভাপতি পদে জয়নাল আবেদীন হাজারী ও সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম আকন্দের নাম ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী পরবর্তী ২ বছর মেয়াদ পর্যন্ত অর্থাৎ ২০২১ সালের ২২ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে ওইসব কমিটি। তবে সামাজিক ভারসাম্য রক্ষা, নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা ও গতিশীলতার লক্ষ্যে কমিটিগুলোতে ব্যতিক্রমী আরও একটি দিক হচ্ছে কোন কমিটির কর্মকর্তা বা নির্বাহী সদস্যকে অন্য কোন প্রতিষ্ঠানে রাখা হয়নি।
অন্যদিকে ওই ৩টি প্রতিষ্ঠানের কমিটির ঘোষণার পরপর নবগঠিত কমিটিগুলোর কর্মকর্তারা পরামর্শক্রমে সকল প্রতিষ্ঠান পরিচালনায় সহযোগিতা প্রদানে এডভোকেট রফিকুল ইসলাম আধারকে চেয়ারম্যান ও ফারুক আহমেদ সরকারকে কো-চেয়ারম্যান করে ১৩ সদস্যের একটি সার্বজনীন উপদেষ্টা কমিটি ঘোষণা করেন।
এ ব্যাপারে ফারুক আহমেদ সরকার জানান, আমাদের মহল্লায় কোন জনপ্রতিনিধি না থাকায় এবং সম্পদশালী ব্যক্তির সংখ্যা খুবই কম থাকায় স্থানীয় প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা বিশেষ করে সেগুলোর উন্নয়ন কাজ চালিয়ে যাওয়া খুবই দুরূহ। তারপরও এলাকাবাসীকে উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে সরকারি-বেসরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের সাহায্য-সহযোগিতা ছাড়াই ইতোমধ্যে স্থানীয় ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠটি ফ্লোরসহ পাকা বাউন্ডারি করা হয়েছে। নির্মাণ চলমান রয়েছে সুসজ্জিত গেইটের। এছাড়া হাফেজিয়া মাদ্রাসার বহুতল ভবনের প্রথম তলার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি কাজ চলমান রয়েছে। এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে এলাকাবাসীকে নিয়ে মসজিদটির বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করব। আর সেই লক্ষ্য অর্জনের জন্যই একযোগে একই মেয়াদের জন্য ৩ প্রতিষ্ঠানের পৃথক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে এলাকায় স্বস্তি ও সন্তোষ বিরাজ করছে।









