শ্যামলবাংলা ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। ১ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা করেন।

ওইসময় মার্কিন রাষ্ট্রদূতের স্ত্রী মিশেল, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাকিব হাসান তরফদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ঢাকাস্থ মর্কিন দূতাবাসের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মার্কিন রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর সমাধি সৌধের মূল স্থম্ভে প্রবেশ করে বঙ্গবন্ধু তার পিতা শেখ লুৎফর রহমান ও মাতা শেখ সায়েরা খাতুনের কবর ঘুরে দেখেন। এরপর টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত।

এর আগে মার্কিন রাষ্ট্রদূত টুঙ্গিপাড়া পৌঁছালে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন, পুলিশ ও আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়।




















