স্টাফ রিপোর্টার ॥ অগ্নিযুগের সিংহ পুরুষ, আন্দামান ফেরত বিপ্লবী উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক বিপ্লবী রবি নিয়োগীর ১৮তম মহাপ্রয়াণ দিবস পালিত হয়েছে শেরপুরে। এ উপলক্ষে ৩১ জুলাই বুধবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার আব্দুল হাকিম স্মৃতি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের নবম-দশম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত বিপ্লবীর জীবন ও কর্ম সম্পর্কিত রচনা প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। নতুন প্রজন্মের কাছে বিপ্লবীর আদর্শ, জীবন ও কর্ম তুলে ধরতে বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
আব্দুল হাকিম স্মৃতি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোগেন রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোস্তফা কামাল। এসময় আলোচক হিসেবে বক্তব্য রাখেন মণি সিং কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্ট্রি প্রদীপ চক্রবর্তী, বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদের সভাপতি ড. সুধাময় দাস, স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন তালুকদার, ঘাতক দালাল নির্মূল কমিটির নালিতাবাড়ী উপজেলার সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, কবি রবিন পারভেজ প্রমুখ। বক্তারা বলেন, বিপ্লবী রবি নিয়োগী একটি প্রতিষ্ঠান। আমরা তাকে স্মরণ করার মধ্য দিয়ে নিজেরা সম্মানিত হতে পারি। তিঁনি তার জীবন মানুষের কল্যাণে উৎসর্গ করেছেন। বিপ্লবী রবি নিয়োগী আজ আমাদের মধ্যে নেই। কিন্তু তিঁনি বেঁচে আছেন কর্মে ও আদর্শে। আমরা তাঁর আদর্শ করার মধ্য দিয়ে নিজেরা আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে পারি। অনুষ্ঠানের শুরুতে সাম্যের গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
উল্ল্যেখ্য, বিপ্লবী রবি নিয়োগী ছিলেন শেরপুর জেলার কৃতি সন্তান। উপমহাদেশের প্রখ্যাত একজন নেতা। তিঁনি সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলন, টংক- তেভাগা সহ বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দেন। তিনি ভারতের আন্দামানের সেলুলার কারাগারে ৪ বছর কারাবাস সহ দীর্ঘ রাজনৈতিক জীবনে ৩৪ বছর কারাভোগ করেছেন। তিঁনি মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন। গত শতাব্দির নব্বুইয়ের দশকের স্বৈরাচার বিরোধী আন্দালনেও তিঁনি সক্রিয় ভুমিকা পালন করেন। আমৃত্যু সংগ্রামী এ মহান বিপ্লবী ২০০২ সালের ১০ মে পরলোকগমন করেন। রাজনৈতিক নেতৃত্বদানের পাশপাশি তিঁনি একজন কলম সৈনিক হিসেবে মানুষের দু:খ-দূর্দশার চিত্র সংবাদপত্রে তুলে ধরেছেন। আমৃত্যু তিঁনি দৈনিক সংবাদের নিজস্ব প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।









