
স্টাফ রিপোর্টার ॥ ‘দেশ বাঁচানোর যুক্তি-সুশাসনের চুক্তি’ এ শ্লোগানকে ধারন করে শেরপুরে সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ’র উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই বুধবার দুপুরে শহরে ডিসিগেইট অঙ্গনে ঘন্টাব্যাপী আয়োজিত ওই মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাসদ’র সভাপতি মনিরুল ইসলাম লিটন। ওইসময় তিনি বলেন, দেশে জঙ্গিবাদ-সন্ত্রাস-নাশকতা ও অশান্তির রাজনীতি আজ কোনঠাসা হয়ে পড়েছে। দেশ এখন শান্তি ও উন্নয়নের পথে অনেক এগিয়েছে। কিন্তু দূর্নীতি-লোটপাট, ক্ষমতার অপব্যবহার, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণসহ সামাজিক অনাচার-অবিচার বেড়েছে। অপরাধীরা রাজনৈতিক আশ্রয়ে পার পেয়ে যেতে বেপরোয়া হয়ে উঠেছে। সমাজে বেড়েছে বৈষম্য। এতে সাধারণ মানুষ বিপন্ন বোধ করছে।
তিনি আরও বলেন, দেশের এ পরিস্থিতির অবসানকল্পে আইনের কঠোর প্রয়োগ এবং প্রশাসনের নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। শান্তি ও উন্নয়নের ধারায় দেশকে এগিয়ে নিতে সুশাসনের কোন বিকল্প নেই।

সমাবেশে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিপ্লব দে লব, যুগ্ন সাধারণ সম্পাদক ছামিদুল হক, জেলা শ্রমিক জোটের সভাপতি আবুল হোসেন আবু, জেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। পরে নেতারা সুশাসনের রাজনৈতিক চুক্তির দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে দলের লিফলেট বিতরন করেন।









