জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে বিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবে শিশুসহ ৫ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামের একটি বিলে ওই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে আওনা ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন জানান, কালিকাপুর গ্রামের ফকরুল হকের কলেজ পড়ুয়া মেয়ে সূর্বনা ও তার ছোটবোন চতুর্থ শ্রেণির ছাত্রী ঝুমা, একই গ্রামের মোস্তফা কামালের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী অন্তরা, জবানুর রহমানের মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী জান্নাত ও লিটন শিকদারের শিশু কন্যা রদশি ওই বিলে ডিঙ্গি নৌকায় চড়ে ঘোরাফেরার করছিল। তিনি জানান, হঠাৎ নৌকা ডুবে গেলে সবাই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন খোঁজাখুজি করে পানির নিচ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেন।
সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান ওই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌকাডুবিতে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার হয়েছে।




















