স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী সোহাগপুরের সেই বিধবাদের ফের সংবর্ধনা দিয়েছে পুলিশ। ২৫ জুলাই বৃহস্পতিবার সকালে সোহাগপুর গণহত্যা দিবস উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে বিধবাপল্লী অঙ্গনে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করা হয় বেঁচে থাকা ২৩ বিধবাসহ ৩২ নারীকে। সেইসাথে তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন শাড়ি ও মিষ্টির প্যাকেট। এবারও সংবর্ধনা পেয়ে বেজায় খুশি জোবেদা বেওয়া, আছিরন নেছা, হাসেনা বানু, হাফিজা বেগমসহ অন্যান্য বিধবা ও তাদের সন্তান-সন্ততিরা। এর আগে বিধবাপল্লীতে স্থাপিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।
এ উপলক্ষে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের, স্থানীয় শহীদ পরিবার কল্যাণ সমিতির সভাপতি জালাল উদ্দিন প্রমুখ। এর আগে বাংলা নববর্ষ ও ঈদুল ফিতর উপলক্ষেও পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের উদ্যোগে সেই বিধবাদের সংবর্ধনাসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ জুলাই নালিতাবাড়ীর সোহাগপুর গ্রামে পাকবাহিনী হামলা চালিয়ে ১৮৭ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে পুরুষশূন্য করে। ফলে বিধবা হন ওই গ্রামের ৫৭ জন মহিলা। সেই থেকে গ্রামটি বিধবাপল্লী হিসেবে পরিচিত। আর স্বাধীনতার দীর্ঘদিন পর সেই মর্মত্তুদ ঘটনায় যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি হয়।









