শাহাব উদ্দিন মাহমুদ
১৯৭১ সালের ২৫ জুলাই দিনটি ছিল রবিবার। এই দিন ময়মনসিংহে মেজর আফছার উদ্দিন আহমদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর মল্লিকবাড়ি ঘাঁটির ওপর অতর্কিত আক্রমণ চালায়। এই আক্রমণে পাকবাহিনীর ১৬ জন সেনা নিহত হয়। কুমিল্লায় ক্যাপ্টেন আইন উদ্দিনের নির্দেশে মুক্তিবাহিনীর একটি কমান্ডো ছাতুরার কাছে রাজাকার ক্যাম্পের ওপর অতর্কিত আক্রমণ চালায় এই আক্রমণে ১৬ জন রাজাকার নিহত হয়। লেঃ হারুনের এ্যামবুশ দল কুমিল্লার নরসিংহের কাছে পাকসেনাদের ৬ জন দালালকে এ্যামবুশ করে এবং তাদেরকে বন্দী করে ঘাঁটিতে নিয়ে আসে। মুক্তিবাহিনীর গেরিলা দল পুবাইলের কাছে পাকবাহিনীর একটি ট্রেন বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়। ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয় এবং আগুন লেগে ইঞ্জিন বিধ্বস্ত হয়। এতে ট্রেনের আরোহী ৩০/৩৫ জন পাকিস্তানী পুলিশ নিহত হয়। মুক্তিবাহিনীর গেরিলা দল সিলেটের দায়েরপাড়া শান্তি কমিটির সভাপতি আবুল মিয়া এবং মুজিতপুর ইউনিয়নের মমতাজ মিয়ার নেতৃত্বে পরিচালিত একটি শান্তি কমিটির ছোট সমাবেশে অতর্কিত আক্রমণ করে। মেথিকান্দা স্টেশন থেকে ছয়টি রাইফেলস ছিনিয়ে নিয়ে বেলাবো বাজারে মুক্তিফৌজ বাহিনী ৫ জন রাজাকারকে মেরে ফেলে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রাম। আর দশটা দিনের মতোই সেদিন সকালে সোহাগপুর গ্রামের মানুষ কেউ লাঙ্গল-জোয়াল নিয়ে মাঠে গিয়েছিলেন, কেউ বাড়িতেই নাস্তার জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় পাকিস্তানী হানাদার বাহিনীর মেশিনগানের শব্দে কেঁপে উঠে উত্তর সোহাগপুর এলাকা। কিছু বুঝে ওঠার আগেই মানুষজন আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। রাজাকার-আলবদরদের সহায়তায় পাকিস্তানী বাহিনীর প্রায় ১৫০ জন সৈন্য সোহাগপুর প্রফুল্লের দীঘি থেকে সাধুর আশ্রম পর্যন্ত এলাকা ঘিরে রাখে। সেদিন প্রথমেই পাকিস্তানী বাহিনীর শিকার হয়েছিলেন রমেন রাসেল, চটপাথাং ও মিরিশ গ্রাব্রিল নামের ৩ জন আদিবাসী গারো। চটপাথাং ও মিরিশ বাড়ির সামনে মাঠে কাজ করছিলেন। গ্রামের খেটে খাওয়া এসব নিরীহ মানুষগুলোকে পাকিস্তানী সেনারা একসঙ্গে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। স্বাধীনতার পর গ্রামটি প্রথমে বিধবাপাড়া ও পরে সোহাগপুর বিধবা পল্লী হিসেবে দেশ-বিদেশে পরিচিতি লাভ করে। এ গ্রামে ৫৯টি গণকবর রয়েছে। প্রধান নির্বাচনী কমিশনার বিচারপতি আবদুস সাত্তার ইসলামাবাদ থেকে ঢাকায় এসে পৌঁছান। ‘খ’ অঞ্চলের সামরিক আইন প্রশাসক ও গবর্নর লেঃ জেনারেল টিক্কা খান কুমিল্লায় বলেন, আমরা শান্তি চাই কিন্তু ভারত সীমান্ত এলাকায় উত্তেজনা জিইয়ে রেখেছে। এদিন শর্ষিনার পীরের নেতৃত্বে জমিয়তুল মোরদারেছীন ও জমিয়তুর মাশায়েখের ৯ সদস্যের প্রতিনিধি দল পশ্চিম পাকিস্তান সফর করে। তারা উদ্বিগ্ন পশ্চিম পাকিস্তানিদের আশ্বস্ত করে বলেন, ‘আমাদের সকল অনুসারীরা পাকিস্তানের সংহতি রক্ষার্থে বিদ্রোহীদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।’ মোবারক হোসেনের নেতৃত্বে ইসলামপুর ইউনিয়নের শান্তি কমিটির দালালরা মিলিত হয়। তারা প্রত্যেক ইউনিট থেকে ২৫ জন সদস্য নিয়ে রাজাকার বাহিনী গঠনের সীদ্ধান্ত নেয়। ‘মুক্তিযুদ্ধ’ পত্রিকার সম্পাদকীয়তে বলা হয় ‘বাংলাদেশের হাজার হাজার ছাত্র যুবক মুক্তিবাহিনীতে যোগদানের উদ্দেশ্যে এগিয়ে এসেছে। তাদের ট্রেনিং-এর সুযোগ-সুবিধা আরও উন্নত ও সম্প্রসারিত করতে হবে এবং রাজনৈতিক ও মতাদর্শগত কারণে কারও বিরুদ্ধে বৈষ্যম্যমূলক আচরণ করা চলবে না।’ লন্ডনের দ্য সানডে টেলিগ্রাফ এর পিটার গিল ’বাঙালীদের দেশ ত্যাগ এখনও চলছে’ শিরোনামে পূর্ববাংলার সঙ্কট নিয়ে রিপোর্ট করছেন, বাঙালীদের সঙ্গে দুই মাস থাকার পরে, আপনি সহজেই বাকিদের থেকে শরণার্থীদের আলাদা করতে সক্ষম হবেন। পাশে থাকার সুবিধা হলো বর্ষার বৃষ্টিতে গাড়ির জানালা না খুলেই ভেতর থেকে বলে দিতে পারবেন কার অবস্থা কি।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজী অনুষ্ঠান ওয়ার্ল্ড প্রেস রিভিউ অন বাংলাদেশে বলা হয়, পূর্ববাংলার জনগণকে দমন করার জন্য সহিংসতা ও হত্যার যে নীতি ইসলামাবাদ ভিত্তিক সামরিক শাসকরা গ্রহণ করেছিল, সেটি উল্টো তাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। শান্তিপূর্ণ সমঝোতার পথ পরিহার করে, বন্দুকধারী পশ্চিম পাকিস্তানী জেনারেলরা নিরীহ স্বভাবের, পরিশীলিত এবং শান্তিপ্রিয় পূর্ব বাঙালীদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। কেন? কারণ, দশকব্যাপী পশ্চিম পাকিস্তানী সেনাতান্ত্রিক এবং আমলাতান্ত্রিক শাসকদের হাতে চলতে থাকা ঔপনিবেশিক শোষণের সমাপ্তি ঘটিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে জনগণ নিজেদের প্রদেশে তাদের ইচ্ছানুযায়ী চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব বাংলার মিলিটারি গবর্নর, জেনারেল টিক্কা খান বুক ফুলিয়ে বলেছিলেন, তিনি ছয় দিনে বাংলাদেশের জনগণকে দমন করবেন। সে ছয়টি দিন শেষ হয়ে আরও ৩ মাস পেরিয়ে গিয়েছে, জনগণকে দাবিয়ে রাখা যায়নি। ইসলামাবাদের ‘সাহসী’ জেনারেলরা যে যুদ্ধ শুরু করেছিলেন, সেটি শুধু সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধেই ছিল না, তা ছিল সমগ্র পূর্ব বাংলার জনগণের বিরুদ্ধে। নারী-পুরুষ-শিশু নির্বিশেষে নিরস্ত্র বেসামরিক জনতার ওপর চালানো বর্বরতা সারা বিশ্বের কাছে প্রকাশিত হয়েছে, সামরিক জান্তার তৈরি করা ধূম্রজাল পুরোপুরি উবে গেছে। এখন সবাই জানে কিভাবে ৭০ লক্ষাধিক শরণার্থী বাস্তুহারা হয়েছে। পশ্চিম জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ড. আর্নেস্ট হাইনসেন এবং ব্রিটিশ লেবার পার্টির সংসদ সদস্য জন স্টোন হাউজ মুক্তাঞ্চলের বেশ কিছু অংশ ঘুরে এসেছেন। তাঁরা জানিয়েছেন, সেখানে মুক্তিবাহিনীর কার্যক্রমে তাঁরা মুগ্ধ। ইতোমধ্যে মুক্তিবাহিনী তাদের কৌশল পুরোপুরি পালটে ফেলেছে, তাদের সাম্প্রতিক যুদ্ধগুলো থেকে বোঝা যায় যে তারা গেরিলাযুদ্ধের উন্নততর কলাকৌশলে দক্ষতা অর্জন করেছে। তারা তাদের পছন্দমতো জায়গায় শত্রুদের এ্যামবুশ করে এবং হামলা করে। ব্রিজ, কালভার্ট, রেলওয়ে লাইন এবং অন্যান্য কৌশলগত স্থাপনাসমূহ ব্যাপকহারে উড়িয়ে দেয়া হয়েছে। কমান্ডাররা আর্টিলারি এবং মর্টার ব্যবহার করছেন। মুক্তিবাহিনীর কার্যক্রম শুধু গ্রামাঞ্চলেই সীমাবদ্ধ নয়। সম্প্রতি ঢাকা নগরের ভেতরে বেশ কয়েকটি গ্রেনেড হামলা হয়েছে। নগরে এবং এর উপকণ্ঠে সেনা ক্যাম্পে এবং সৈন্যদের অন্যান্য অবস্থানে দৈনিক অন্তত বিশটি হামলা হচ্ছে। গেরিলা আক্রমণে উদ্ভূত ক্ষয়ক্ষতির ফলে ঢাকার নিকটে গাজীপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে উৎপাদন আবারও বন্ধ হয়ে গেছে। দু’দিন ধরে ঢাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। কয়েকদিন আগে ঢাকার প্রধান পাওয়ার প্ল্যান্ট বিদ্রোহীদের আক্রমণে ধ্বংস হয়ে গেছে। নগরে আবার কারফিউ জারি হয়েছে মর্মে খবর পাওয়া গেছে। চট্টগ্রাম নগর এবং শহরের অন্যান্য এলাকায়, বাড়ির ছাদে ছাদে বাংলাদেশের পতাকা উড়ছে। আরও অনেক শহরে আক্রমণ হয়েছে। নিউইয়র্ক টাইমসের বহিষ্কৃৃত প্রতিনিধি সিডনি শনবার্গ প্রতিবেদন করেছেন যে- গেরিলা প্রতিরোধ আরও বিস্তৃত ও কার্যকরী হচ্ছে বলে মনে হচ্ছে। বিবিসির মার্ক টালি সম্প্রতি প্রতিবেদন করেছেন, পাকিস্তানী সেনাবাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ব্রিজগুলোতে এবং যেসব এলাকা মুক্তিবাহিনীর শক্ত ঘাঁটি হতে পারে সেসব স্থানে লোকবল নিয়োগ করার মতো অবস্থানে নেই। সেনাবাহিনী বড়সড় আঘাতের মুখোমুখি হয়েছে, এবং আঘাতের প্রচন্ড তা তারা অনুভব করছে। সাম্প্রতিক ইতিহাস এটাই দেখায় যে, যত শক্তিশালীই হোক না কেন, সেনাবাহিনী কখনও জনগণকে দাবিয়ে রাখতে পারে না। বাংলাদেশে স্বাধীনতার মশাল জ্বলে উঠেছে। পশ্চিম পাকিস্তানী সেনাবাহিনীর বর্বরতা পূর্ব বাংলার জনগণের হৃদয়কে তিক্ত করেছে।

লেখক : শিক্ষাবিদ ও গবেষক, ই-মেইল- sumahmud78@gmail.com









