
শ্যামলবাংলা ডেস্ক : ঢাকার মঞ্চে ‘হ্যাপি ডেজ’ নাটকটি ইতোমধ্যে বেশ প্রশংসিত হয়েছে। নিয়মিত মঞ্চায়নের ধারাবাহিকতায় এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ‘হ্যাপি ডেজ’ নাটকের দুই প্রদর্শনী হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৩ ও ২৪ জুলাই মঙ্গল এবং বুধবার সন্ধ্যা ৭টায় নাটকটির দুটি প্রদর্শনী হবে। স্যামুয়েল বেকেট রচিত নাটকটির বাংলা অনুবাদ করেছেন কবীর চৌধুরী ও শাহীন কবীর। নাটকটি নির্দেশনা দিয়েছেন তরুণ মেধাবী নির্দেশক শুভাশিস সিনহা। নাটকে একক অভিনয় করেন মঞ্চের তুখোর অভিনেত্রী জ্যোতি সিনহা। নাটকের জন্য মঞ্চ নির্মাণ করেছেন শাহনাজ জাহান, সহযোগিতায় আসফিকুর রহমান ও হাসান আলী। আলোক প্রক্ষেপণে আসলাম অরণ্য। সঙ্গীত প্রক্ষেপণে হুমায়ূন আজম রেওয়াজ। মঞ্চ ব্যবস্থাপক পারভেজ সরকার।
‘হ্যাপি ডেজ’ নাটকের কাহিনী উইনি নিঃসঙ্গ এক নারী। সে নিজের প্রেমকে ফিরে পেতে মরিয়া হয়ে ওঠে। উইনি উদ্ভট সব কল্পনায় সাজিয়ে রাখে নিজের দিনগুলো। কিন্তু সে বুঝতে পারে, সেই আনন্দের দিন মানুষের জীবনে কখনও আসে না। এমন গল্প নিয়ে নাটকটির কাহিনী। ফরাসী দূতাবাস প্রযোজিত নাটকটি করা হয়েছে বাংলা ও ইংরেজী ভাষায়। নাটকে উইনি নামের এক নারীর নিঃসঙ্গ কিন্তু স্বপ্নময় জীবনের দৈনন্দিন সব ছেলে খেলার মতো ক্রিয়াকলাপের মধ্য দিয়ে মানুষের এক অভিনব মানসপটকে আঁকা হয়েছে। পুরো নাটকে উইনি তার স্বামী উইলির সঙ্গে অনর্গল কথা বলে যায়, প্রলাপের মতো। নস্টালজিয়া, অভিযোগ, আকাক্সক্ষা কিন্তু সবকিছু ছাপিয়ে তার শরীর-মনের তীব্র প্রেমাকুতি।
‘হ্যাপি ডেজ’ নাটকের নির্দেশক শুভাশিস সিনহা বলেন, নাটকটি প্রথম প্রদর্শনীর পরই বেশ প্রশংসিত হয়। এছাড়া এ সময়ে মানুষ এক ধরনের একাকিত্বের মধ্যে বাস করছে। কল্পনায় তৈরি করে হলেও তারা একটু আনন্দ পেতে চায়। এই নাটকে সে বিষয়টি উঠে এসেছে। তাই মনে করি, নাটকটি প্রদর্শিত হওয়া জরুরী। তবে আগামী ৬ মাস নাটকটির প্রদর্শনী হবে না। তাই আগ্রহী দর্শকদের এ দুইদিনের প্রদর্শনী উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।




















