শ্যামলবাংলা ডেস্ক : আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের মেয়াদ আরও ৫ বছর বাড়ছে। এজন্য আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধন আইন, ২০১৯-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২৭ মে সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ওই অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠকের পর সচিবালয়ে ওই তথ্য নিশ্চিত করে গণমাধ্যম কর্মীদের বলেন, দ্রুত বিচার আইনের মেয়াদ চলতি বছরের এপ্রিলে শেষ হয়ে গেছে। এজন্য মেয়াদ আরও ৫ বছর বাড়ানো হয়েছে। অর্থাৎ আইনটি ২০২৪ সাল পর্যন্ত কার্যকর থাকবে।
বারবার কেন এ আইনের মেয়াদ বাড়ানো হচ্ছে- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখনও এর কার্যকারিতা রয়েছে। অনেক স্পর্শকাতর মামলা আছে, যেগুলোর দ্রুত বিচার হওয়া দরকার।
উল্লেখ্য, ২০০২ সালে দ্রুত বিচার আইন প্রথম কার্যকর করা হয়। বলা হয়েছিল, দুই বছর পর্যন্ত এটি বলবৎ থাকবে। পরে প্রথমে ২০০৪ সাল, পরে ২০০৬ ও ২০১২ সালে এ আইনের কার্যকারিতার মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ৫ বছর মেয়াদ বাড়ানো হয় ২০১৪ সালে, যা গত ৭ এপ্রিল শেষ হয়। মন্ত্রিসভার অনুমোদন পাওয়ায় এখন যাচাই-বাছাই শেষে আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য সংসদে তোলা হবে। দ্রুত বিচার আইনে ১২০ দিনের মধ্যে বিচারকাজ নিষ্পত্তি করার বিধান রয়েছে। তবে নিষ্পত্তি করা না গেলে আরও ৬০ দিন সময় পাওয়া যায়। অবশ্য অধিকাংশ ক্ষেত্রেই বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বিচার শেষ করা সম্ভব হয় না বলে বিচারপ্রার্থীদের অভিযোগ রয়েছে। তখন প্রচলিত আদালতে ফেরত যায় মামলাগুলো।



















