শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়ে একটি গান করেছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। ২০০৪ সালে গাওয়া ‘শাবাশ বাংলাদেশ’ শিরোনামের গানটি সেই সময় সারা দেশে আলোড়ন তুলেছিল। সামনে ক্রিকেট বিশ্বকাপ। প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়ে আবারও ক্রিকেট নিয়ে গান গাইলেন এ সংগীত তারকা। ‘ প্রাণে প্রাণে আওয়াজ তোল’ শিরোনামের এ গানে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পূজা ও ঐশ্বর্য্য। শ্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর ও সংগীত করেছেন এমএমপি রনি।

গানটির ভিডিও ধারণও শেষ হয়েছে। পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।
এ ব্যাপারে আসিফ আকবর বলেন, ‘১৫ বছর আগে জাতীয় ক্রিকেট দলকে নিয়ে গান করেছিলাম। দারুণ সাড়া পেয়েছিলাম। সামনে ক্রিকেট বিশ্বকাপ। এমনিতেই বাংলাদেশ ক্রিকেট উন্মাদনায় ভাসছে। এই গানটির কথা ও সুর নতুন মাত্রা দেবে বলে আমার বিশ্বাস।’
আসিফের মতো গানটি নিয়ে আশাবাদী আরেক শিল্পী পূজা। তিনি বলেন, ‘আসিফ ভাইয়ের প্রথম গাওয়া ক্রিকেটের গানটি সবার প্রিয়। ক্রিকেট নিয়ে তাঁর গাওয়া দ্বিতীয় এই গানটিতে আমরাও গেয়েছি। আশা করছি এই গানটিও বিশ্বকাপের আগে আগে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বে।’
জানা গেছে আগামী ২৫মে চেয়ারআপের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে উঠবে গানটি।




















