স্টাফ রিপোর্টার ॥ শ্যামলবাংলা২৪ডটকম’এ সচিত্র প্রতিবেদন প্রকাশের পর শেরপুর শহরের দখল হওয়া ফুটপাত পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। তিনি ৯ মে বৃহস্পতিবার দুপুরে শহরের খরমপুর মোড় থেকে নয়ানীবাজার হয়ে ডিসি গেইট পর্যন্ত ফুটপাত পরিদর্শন করেন। ওইসময় তিনি নয়আনী বাজারের ফুটপাতসহ রাস্তার অধিকাংশ জায়গা দোকানদের দখলে চলে যাওয়ায় যানজটসহ ওই গুরুত্বপূর্ণ সড়কে চলাচলে জনদুর্ভোগের বিষয়টি স্বচোখে দেখে পৌরসভার সহযোগিতায় তা দ্রুত নিরসনে এনডিসিকে নির্দেশ দেন। সেইসাথে ফুটপাত দখলমুক্ত করতে প্রয়োজনে সরকারি রাস্তা পরিমাপের বিষয়েও পদক্ষেপ নিতে পরামর্শ দেন। এরপর তিনি বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, সদর সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদের সাথে পরামর্শ করেন।

বিষয়টি নিশ্চিত করে এনডিসি মেজবাউল আলম ভুইয়া জানান, শহরের ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের সহযোগিতায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে শ্যামলবাংলা২৪ডটকম’এ খবর প্রকাশের পর শহরের ফুটপাত দখলমুক্তকরণ সাপেক্ষে জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীসহ বিশিষ্ট নাগরিকগণ। সেইসাথে তারা আশা করে বলেন, নয়ানীবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ফুটপাত দখলমুক্ত করা হলে শহরের দীর্ঘদিনের নাগরিক সমস্যার সমাধান হবে। এ বিষয়ে তারা পৌর কর্তৃপক্ষের উদ্যোগী হওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, জেলা শহরের প্রধান কাঁচাবাজার নয়আনী বাজারের রাস্তার দু’পাশ ভ্রাম্যমাণ দোকানদারকে দখলে চলে যাওয়ায় ওই পথে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতসহ বিভিন্ন জায়গায় স্বল্প সময়ে যাতায়াত বিঘিœত হচ্ছে। এতে বেড়েছে জনদুর্ভোগ। এ নিয়ে ৫ মে রবিবার শ্যামলবাংলা২৪ডটকমে ‘শেরপুর শহরে নয়আনী বাজার রাস্তা দোকানদারদের দখলে ॥ যানজট-জনদূর্ভোগ চরমে’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ভুক্তভোগীসহ বিভিন্ন মহল সন্তোষ প্রকাশ করে ওই বিষয়ে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।









