স্টাফ রিপোর্টার ॥ শ্যামলবাংলা২৪ডটকম’এ সচিত্র প্রতিবেদন প্রকাশের পর শেরপুর শহরের নয়ানীবাজারের দখল হওয়া ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ১০ মে শুক্রবার বিকেলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওন ও অহনা জিন্নাতের নেতৃত্বে ওই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ওইসময় নয়আনী বাজারের ফুটপাতসহ রাস্তার অধিকাংশ জায়গা অবৈধভাবে দখলে রাখার দায়ে ৭টি দোকানের মালিককে ১১ হাজার ৫শ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে বরফ ও আইসক্রীম তৈরির দায়ে শহরের খরমপুরস্থ একটি আইসক্রীম তৈরির কারখানাকে ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওন বলেন, জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় শহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে।সেইসাথে অতিস্বত্ত্বর ফুটপাত থেকে যেকোন ধরনের দোকানপাট, মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে সদর থানার এসআই আনোয়ার হোসেন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা শহরের প্রধান কাঁচাবাজার নয়আনী বাজারের রাস্তার দু’পাশ ভ্রাম্যমাণ দোকানদারকে দখলে চলে যাওয়ায় ওই পথে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতসহ বিভিন্ন জায়গায় স্বল্প সময়ে যাতায়াত বিঘ্নিত হচ্ছে। এতে বেড়েছে জনদুর্ভোগ। এ নিয়ে ৫ মে রবিবার শ্যামলবাংলা২৪ডটকমে ‘শেরপুর শহরে নয়আনী বাজার রাস্তা দোকানদারদের দখলে ॥ যানজট-জনদূর্ভোগ চরমে’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ৯ মে বৃহস্পতিবার দুপুরে শহরের খরমপুর মোড় থেকে নয়ানীবাজার হয়ে ডিসি গেইট পর্যন্ত ফুটপাত পরিদর্শন করে দ্রুত তা দখলমুক্ত করার নির্দেশ দেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।




