রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ শেরপুরের শ্রীবরদীতে পারিবারিক কলহের জের ধরে প্রতিবেশীর কুড়ালের কুপে আহত বউকে রক্তাক্ত দেখে স্বামী আবুল কাশেম ওরফে ঢেবরা (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার মালাকোচা গ্রামে এ ঘটনা ঘটে। আহত স্ত্রী জ্যোসনারা বেগমকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় প্রতিবেশী ফরহাদ আলীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামে আবুল কাশেম ওরফে ঢেবড়ার সাথে তার প্রতিবেশী মৃত আককাছ আলীর ছেলে ফরহাদ আলী ওরফে ফকির আলীর পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে রবিবার রাতে ফকির আলী কুড়াল নিয়ে ঢেবড়ার স্ত্রী জ্যোসনারা বেগমের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। ওইসময় ঢেবড়া তার স্ত্রীর শরীরের রক্তাক্ত ও কাটা জখম দেখে মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃত ঢেবড়ার লাশ উদ্ধার করে। পরে গুরুতর আহত জোসনারা বেগমকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ হামলাকারি ফকির আলীকে কুড়ালসহ আটক করেছে। এ নিয়ে মৃত ঢেবড়ার মেয়ে ইরানি বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।









