স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে মঞ্জুরুল হক (৫৫) নামে এক ব্যক্তি নিহত ও অন্তত: ১০ জন আহত হয়েছে। ২৭ এপ্রিল শনিবার বিকেলে সদর উপজেলার জামালপুর-শেরপুর আঞ্চলিক মহাসড়কের কুসুমহাটি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল সদর উপজেলার চরশেরপুর এলাকার কালু সেকের পুত্র। গুরুতর আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।
জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে জামালপুর থেকে শেরপুরগামী নাদিরা এন্টারপ্রাইজ নামে একটি লোকাল বাসের চালক কুসুমহাটি বাজারের কাছে একটি ছাগলকে বাঁচাতে গিয়ে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি উল্টে রাস্তার পাশে ধানক্ষেতে পড়ে যায়। ওইসময় ঘটনাস্থলেই মঞ্জুরুল হক নামে এক ব্যক্তির মৃত্যু হয়, আহত হয় আরও অন্তত ১০জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়।
সদর থানার এসআই সুরেশ রাজবংশী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









