স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে নারীদের উপর সহিংসতা বৃদ্ধি ও ফেনীর সোনাগাজী উপজেলার নুসরাত জাহান রাফিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২২ এপ্রিল সোমবার সকালে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের গোয়ালপট্টি মোড়ে প্রায় ২ ঘন্টাব্যাপী স্থায়ী ওই মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাধারণ সম্পাদক চন্দন সাহা, সহ-সভাপতি যাদব ঘোষ, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, পরিচালক গোপাল সাহা, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এডভোকেট শক্তিপদ পাল, মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, সাংবাদিক মলয় মোহন বল, ব্যবসায়ী ও পূজা উদযাপন পরিষদ নেতা বিনয় কুমার সাহা, রাজন সরকার, অজয় চক্রবর্তী জয়, শুভ্র সাহা বাবন, প্রমুখ। ওইসময় বক্তারা নুসরাত হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। মানববন্ধনে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ নানা-শ্রেণিপেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
এছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদীতেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।









