শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে সিএনজিচালিত অটোরিক্সা উল্টে শাকিবুল হাসান শাকিল (১২) নামে এক শিশু নিহত হয়েছে। ২২ এপ্রিল সোমবার দুপুরে পৌর শহরের দহেড়পাড় শ্মশানঘাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল উপজেলার বকচর গ্রামের কাঠমিস্ত্রি রফিকুল ইসলামের ছেলে ও বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। ওই ঘটনায় নিহত শাকিলের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শ্রীবরদী থানার এসআই শহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে রফিকুল ইসলাম ও তার ছেলে শাকিবুল হাসান শাকিল সিএনজিচালিত অটোরিক্সাযোগে কান্দাপাড়া এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল। ওইসময় শ্মশানঘাট এলাকায় পৌছলে সিএনজিচালিত অটোরিক্সার একটি চাকা খুলে গিয়ে রাস্তার পাশে উল্টে গেলে সিএনজির নিচে চাপা পড়ে রফিকুল ইসলাম ও তার ছেলে শাকিলসহ অন্যান্য যাত্রীরা। পরে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।









