স্টাফ রিপোর্টার ॥ পঞ্চম ধাপে অনুষ্ঠেয় শেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন সাংবাদিক, শিক্ষক ও সমাজসেবী সাবিহা জামান শাপলা। তিনি ১৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে শেরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা শেষে নিজের প্রার্থিতা ঘোষণা করেন।
শেরপুরের রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ সাবিহা জামান শাপলা মতবিনিময় কালে জানান, তিনি দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে শেরপুরের রাজনীতি, সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও জড়িত। বর্তমানে তিনি শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রবীন্দ্র সম্মিলন পরিষদ ও পাতাবাহার খেলাঘর আসরের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শেরপুর প্রেসক্লাবের দু’দফায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। শহরের একটি সিনিয়র মাদ্রাসায় সিনিয়র সহকারী শিক্ষক হিসেবেও কর্মরত রয়েছেন। পড়াশোনা অবস্থায় বিয়ের পরও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রী অর্জনের পাশাপাশি নিজেকে গড়ে তুলেছেন তিলে তিলে। এজন্য পেয়েছেন জয়িতা সম্মাননাও। গত চেম্বার অব কমার্সের নির্বাচনে পরিচালক পদে একমাত্র মহিলা প্রার্থী হিসেবে অংশ নিয়ে সামান্য ভোটে হেরে গেলেও এবার মনোনীত হয়েছেন নবগঠিত শেরপুর উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক হিসেবে। এবার তিনি জনগণের সেবার মানসে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চান।
ভাষাসৈনিক পরিবারের সদস্য শাপলা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আদর্শের সংগঠন আওয়ামী লীগের প্রতি শতভাগ আনুগত্য প্রকাশ করে জানান, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদটি দলীয় মনোনয়নের আওতায় না রেখে উন্মুক্ত রাখা হয়েছে। তাই তার পক্ষে দলের সরাসরি সমর্থন ঘোষণা না হলেও বিরোধিতারও কোন কারণ নেই। তিনি নির্বাচনে অংশ নিয়ে সকলের সহযোগিতায় বিজয়ী হলে সাধারণ মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়কালে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জিএম আফসার বাবুলসহ শেরপুর প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পঞ্চম ধাপে অনুষ্ঠেয় নির্বাচনের তফসিল ঘোষিত না হলেও আগামী রমজানের পর সম্ভাব্য ভোট গ্রহণের তারিখ হিসেবে ভাবা হচ্ছে ১৮ জুন।









