স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ শাহীন মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৯ এপ্রিল মঙ্গলবার রাতে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সন্ন্যাসীরচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহিন স্থানীয় মৃত শেখ ফরিদ আলীর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই ওমর ফারুক মঙ্গলবার রাত ৮টার দিকে সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার সন্ন্যাসীরচর গ্রামে অভিযান চালায়। ওইসময় শাহিন মিয়াকে বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিনসহ হাতেনাতে গ্রেফতার করে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, ওই ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত শাহিন কোথা থেকে ওই অস্ত্র সংগ্রহ করেছে এবং কি উদ্দেশ্যে তা বহন করছে, তা নিয়ে তদন্ত চলছে।









