স্টাফ রিপোর্টার ॥ ‘সময়মত ইউপি কর পরিশোধ করুন, মানসম্মত সেবা গ্রহণ করুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় ধরা হয়েছে ৮ লক্ষ ৪৯ হাজার ৬৪৫ টাকা এবং উন্নয়ন বাজেট ৮৯ লক্ষ ৪৫ হাজার ৩২০ টাকা ঘোষণা করা হয়। ৯ এপ্রিল মঙ্গলবার কামারেরচর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত ওই বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন।
কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ ও স্থানীয় সরকার বিভাগের (এলজিএসপি-৩) ফ্যাসিলিটেটর মোঃ আব্দুর রহিম। ইউপি সচিব হযরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কামারেরচর ইউপি’র প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম মিস্টার, প্রধান শিক্ষক হারুন-অর রশিদ প্রমুখ। ওইসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাজেট অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন কামারেরচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা ১৫৮ জন উপকারভোগীদের মাঝে ভিজিডি’র কার্ড বিতরণ করেন।




