নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী পৌর পরিষদের ট্রাক চালক জাহাঙ্গীর আলমের বেধড়ক পিটুনিতে আহত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার দেলোয়ার হোসেন (৪৫)। ৯ এপ্রিল মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ওই ঘটনা ঘটে। ওইসময় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা জাহাঙ্গীরের শাস্তির দাবিতে প্রায় ১ ঘন্টা চিকিৎসা সেবা বন্ধ রাখে।
জানা যায়, দেলোয়ার হোসেন রাতে জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন। সকাল ৮টার দিকে তিনি হাসপাতালের গেটের দোকানে চা পান করতে যান। ওইসময় কাচারিপাড়া মহল্লার নূর ইসলামের ছেলে গাড়ি চালক জাহাঙ্গীর আলম (৩০) তার অসুস্থ শিশুকে নিয়ে জরুরি বিভাগে আসেন। চিকিৎসক না পেয়ে তিনি উত্তেজিত হয়ে যান। তাঁর চিৎকার শুনে দেলোয়ার হোসেন দ্রুত জরুরি বিভাগে আসছিলেন। ওইসময় ক্ষিপ্ত হয়ে জরুরি বিভাগের পাশে থাকা একটি বেঞ্চ ভেঙ্গে কাঠের পায়া নিয়ে জাহাঙ্গীর আলম দেলোয়ারকে পেটাতে থাকেন। ডাক-চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এসে দেলোয়ারকে উদ্ধার করে। ওই ঘটনায় কর্মরত চিকিৎসক-কর্মচারীরা প্রায় ১ ঘন্টা চিকিৎসা সেবা বন্ধ রাখেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল বাশার ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটা অবশ্যই গর্হিত অপরাধ। একজন চিকিৎসক সারারাত দায়িত্ব পালন করে সকালে চা খেতে যাওয়ার কারণে তার সাথে এমন আচরণ অন্যায়। এ ব্যাপারে আমরা আইনগত ব্যস্থা নিচ্ছি।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, অভিযোগ পেয়েছি। জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









