নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে অনলাইনে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার মধুটিলা ইকোপার্কে ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে ওই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্বপ্ন দেখিয়েছেন ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে এবং ২০৪১ সালে আমরা উন্নত রাষ্ট্রে রূপান্তরিত হবো। এটি সরকারের একার পক্ষে সম্ভব নয়। আপনাদের সকলের অংশ গ্রহন থাকতে হবে। তাই বন বিভাগকে সহযোগীতা করতে হবে। এতে সরকারও লাভবান হবে আপনারাও উপকৃত হবেন।
বিভাগীয় বনকর্মকর্তা একেএম রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ডঃ মোঃ বিল্লাল হোসেন, ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক রকিবুল হাসান মুকুল ও শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জন কেনেডি জাম্বিল। শেরপুরের সহকারী বন রক্ষক ডঃ প্রাণতোষ চন্দ্র রায়ের সঞ্চালনায় উপকারভোগীদের মধ্য থেকে বক্তব্য রাখেন তৈয়বুর রহমান।
ওইসময় ১০৮ জন উপকারভোগীদের মাঝে অনলাইনের ১ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৭৭৯ টাকার ড্যামিচেক উপকারভোগী প্রতিনিধিদের হাতে তুলে দেন অতিথিরা।









