স্টাফ রিপোর্টার ॥ ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরেও নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২ এপ্রিল মঙ্গলবার জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা কালেক্টরেট ভবন চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। জেলা সমাজসেবা উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, জেলা ব্র্যাক প্রতিনিধি আতাউর রহমান সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক। এর আগে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সৌজন্যে প্রতিবন্ধীদের মাঝে ৪৭টি হুইলচেয়ারসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, অটিজম শিশু ও তাদের অভিভাবক, রেডক্রিসেন্ট সদস্য, শিক্ষার্থীসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।









