স্টাফ রিপোর্টার ॥ ছাত্র-ছাত্রীদের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ জাগ্রত করার লক্ষ্যে শেরপুর সদর উপজেলার সাপমারী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। ১ এপ্রিল সোমবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও শেরপুর সাপমারী উচ্চ বিদ্যালয় আয়োজনে ওই সততা ষ্টোর উদ্বোধন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট নারায়ন চন্দ্র হোড়।
এ উপলক্ষে সাপমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম নাজমুল হক আকন্দের সভাপতিত্বে শ্রেণিকক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট শফিকুর রহমান মিজান, সাংবাদিক আব্দুর রহিম বাদল, অধ্যাপক সারওয়ার জাহান তপন প্রমুখ।
শেরপুর সদর উপজেলার প্রত্যন্ত গ্রামের একটি বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। ছাত্র-ছাত্রীরা আগ্রহ ভরে সততা স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে। ছাত্রী-ছাত্রীরা নিজেরা সততার সঙ্গে লেখাপড়াসহ দৈনন্দিন কাজকর্ম করবেন এবং দুর্নীতিবিরোধী কাজে নিজেদের নিয়োজিত রাখবে বলেও দু’হাত তুলে অঙ্গীকার করে। পরে ছাত্র-ছাত্রীরা সততা স্টোর থেকে চকলেট চিপস, খাতা ও কলমসহ প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করে নিজেরাই পণ্যে গায়ে লেখা টাকা বাক্সে ফেলে মূল্য পরিশোধ করে।
ছাত্র-ছাত্রীরা জানায়, বিদ্যালয়ে সততা ষ্টোর থেকে পণ্য ক্রয় করায় একদিকে সময় যেমন বাঁচবে অন্যদিকে নিজেদের মধ্যে সততার মনোভাব গড়ে উঠবে। যা তাদের সু-নাগরিক হিসেবে গড়ে উঠার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।




