স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩ মাস পর একজন সাধারণ মানুষের মতোই যাত্রীবাহী পাবলিক বাসে নিজ নির্বাচনী এলাকায় পৌঁছার পরদিন বাসেই ঢাকায় ফিরলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। ৩১ মার্চ রবিবার দুপুর ২টায় নকলা থেকে শেরপুর টু ঢাকাগামী বাস সাদিকায় উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। দলের একজন প্রভাবশালী নেতা, কৃষিবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি হওয়া সত্ত্বেও যাত্রীবাহী বাসে সাধারণ যাত্রীর মতো নির্বাচনী এলাকায় আসা-যাওয়ার ঘটনায় এলাকার মানুষ মতিয়া চৌধুরীকে একজন প্রকৃত দেশপ্রেমিক, সৎ ও আদর্শ নেতৃত্ব হিসেবেই দেখছেন। তাই দেশব্যাপী সুনাম-সুখ্যাতির পেছনে যে নিজের নির্বাচনী এলাকার মানুষগুলোর ভালোবাসা লুকায়িত তা ভোলেননি তিনিও।
জানা যায়, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন থেকে ৫ দফায় নির্বাচিত সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী এবার মন্ত্রী পরিষদের পরিবর্তে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ার পর থেকে সরকারি গাড়ি ছাড়া সাধারণ মানুষের মতো চলাফেরা করছিলেন। ওই অবস্থায় ২৯ মার্চ রাতে ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে রাত ১১টায় নিলয় নামে একটি নালিতাবাড়ীগামী বাসে ওঠেন। রাত ৩টার দিকে নকলায় পৌঁছান এবং পরদিন দুপুরে নেতা-কর্মীদের সাথে সাধারণ গাড়িতেই চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবে উদ্বোধক হিসেবে যোগ দেন মতিয়া চৌধুরী। রবিবার সকাল ১০টায় একটা মাইক্রোবাসে নালিতাবাড়ী উপজেলায় গিয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখে নকলা থেকে বেলা ২টায় শেরপুর টু ঢাকাগামী বাস সাদিকায় উঠে ঢাকার উদ্দেশে রওনা হন।
মতিয়া চৌধুরীর পাবলিক বাসে আসা-যাওয়ার বিষয়ে নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, মতিয়া চৌধুরী মন্ত্রী থাকার সময় বেতন-ভাতার টাকা দিয়ে নির্বাচনী এলাকায় সেবামূলক কাজ করেছেন। নিজের জন্য কোনো দিন কিছুই জমা রাখেননি। মন্ত্রিত্ব ছাড়ার পর বাসে করে কম খরচে তিনি এলাকায় এসেছেন। এতে অবাক হওয়ার কিছু নেই। এতে কোনো রাজনীতিও নেই।
এ ব্যাপারে পৌর মেয়র হাফিজুর রহমান লিটন বলেন, অনেক অনুরোধের পর আপা আমার মাইক্রোবাসে কর্মসূচিতে অংশ নিয়েছেন। তবে এ জন্য আমার গাড়ির গ্যাস খরচ দিয়েছেন তিনি।









