স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে কাজ করায় সংশ্লিষ্ট নেতাদের ভৎসর্না করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি। তিনি ৩১ মার্চ রবিবার দুপুরে উপজেলার উত্তরবাজার এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের এক সমাবেশে উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকের বিপক্ষে কাজ করায় দলীয় সভাপতি জিয়াউল হক মাস্টার, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, বিদ্রোহী প্রার্থী হয়ে জয়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবুসহ অন্যান্যদের ওই ভৎর্সনা করে বলেন, দলীয় প্রার্থীর বাইরে কাজ করার অভ্যাস থেকে সরে আসতে হবে। একইসাথে তিনি নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী হাজী মোশারফ হোসেনের ত্রুটি-বিচ্যুতি নিয়েও কথা বলেন।
কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী বলেন, ২০১৪ সালে নালিতাবাড়ীতে দলীয় প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী থাকায় বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছিলেন। এবারও বিদ্রোহী প্রার্থী থাকায় দলীয় প্রার্থী পরাজিত হয়েছেন। অতীতে উপজেলা ও পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে যারা নির্বাচন করায় শাস্তি ভোগ করতে হয়েছে। কাজেই এবারও দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থিতা ও তার পক্ষে কাজ করার বিষয়ে দলীয় ফোরামেই সিদ্ধান্ত নিতে হবে। তবে গণতান্ত্রিক রায়কে মেনে নেওয়ার মানসিকতাও সবার থাকতে হবে। দলের হয়ে নির্বাচিত না হলেও যিনি জনপ্রতিনিধি তাকেও মানতে হবে। পাশাপাশি তিনি বিজয়ী বিদ্রোহী প্রার্থী মোকছেদুর রহমান লেবুর উপজেলা পরিষদ কেন্দ্রিক বৈধকাজে সহযোগিতা করার কথা জানিয়ে বলেন, অতীতে বিএনপির চেয়ারম্যানকেও যেভাবে বৈধ কাজে সহযোগিতা করেছি, এখন লেবুকেও করব। কোন অবৈধ কাজে আগেও সহযোগিতা কাউকে করিনি, ভবিষ্যতেও করব না।
মতিয়া চৌধুরী বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলেন, ‘আল্লাহ আমাকে দেশের জন্য কাজ করাবে বলেই বাঁচিয়ে রেখেছেন। তা না হলে আমার ওপর যে ধরনের হামলা হয়েছে তাতে আমার বাঁচার কথা ছিল না। তাই আল্লাহর ইচ্ছে ছাড়া কেউ আমাকে মারতে পারবে না।’ ঠিক তেমনি আমরা শেখ হাসিনার কর্মীরা নিজের জন্য কোন কাজ করি না। দেশের জন্য, মানুষের জন্য কাজ করি। ওইসময় তিনি এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সমাবেশে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের হাজারও নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এর আগে মতিয়া চৌধুরী নকলা থেকে নালিতাবাড়ী ডাকবাংলোয় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও ব্যবসায়ী-সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সেখানে গিয়ে মতিয়া চৌধুরীকে পা ছুঁয়ে সালাম করেন বিদ্রোহী প্রার্থী হয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। ওইসময় লেবুর আগমনকে ঘিরে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে শোরগোল সৃষ্টি হলে মতিয়া চৌধুরী সবাইকে শান্ত থাকার নির্দেশ দিয়ে বলেন, কারও উচ্ছৃঙ্খলতাই বরদাশত করা হবে না। এ বিষয়ে প্রশাসনকেও কঠোর হতে হবে।
বিকেলে তিনি সাধারণ যাত্রীর মতো দূরপাল্লার বাসে নকলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় ৩ মাস পর শুক্রবার রাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে সাধারণ যাত্রীদের মতোই দূরপাল্লার ননএসি বাসে চেপে নকলায় পৌঁছেন তিনি।








