স্টাফ রিপোর্টার ॥ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে শেরপুরের ঝিনাইগাতীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম এবং নালিতাবাড়ীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু ও শ্রীবরদীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, জেলা আওয়ামী লীগের সদস্য, পদত্যাগী ইউপি চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম বিপুল ভোটাধিক্যে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। ২৪ মার্চ রবিবার রাত পৌণে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত নির্বাচনী ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে ওই ফলাফল ঘোষিত না হলেও স্ব-স্ব উপজেলা পর্যায়ে স্থাপিত নির্বাচনী কন্ট্রোল রুমসহ একাধিক দায়িত্বশীল সংস্থা থেকে ওই তথ্য জানা গেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঝিনাইগাতী উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম নৌকা প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৮০২ ভোট। এছাড়া দলের অপর বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ আনারস প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৪৩৭ ভোট। আর দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপি নেতা বিদায়ী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা পেয়েছেন ৮ হাজার ৯৩৬ ভোট।
নালিতাবাড়ী উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোকছেদুর রহমান লেবু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৪৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৩৯ ভোট। আর দলের অপর বিদ্রোহী প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক পেয়েছেন ১৯ হাজার ২শ ভোট।
শ্রীবরদী উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এডিএম শহিদুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের অপর বিদ্রোহী প্রার্থী জাহিদুল ইসলাম জুয়েল আনারস প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪৭১ ভোট। এছাড়া জাতীয় পার্টি মনোনীত প্রার্থী প্রকৌশলী ইকবাল আহসান লাঙল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৩২৭ ভোট। আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিদায়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসেন খোকা নৌকা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১৪০ ভোট।









