স্টাফ রিপোর্টার ॥ দ্বিতীয় বারের মতো ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম-সেবা। ১২ মার্চ মঙ্গলবার সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে তার হাতে ক্রেস্টসহ পুরস্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।
ওইসময় অন্যান্যের মধ্যে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাছ উদ্দিন ভূঁঞা, ময়মনসিংহ পুলিশ সুপার শাহ্ আবিদ হোসেন বিপিএম, নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম (বার) রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদসহ রেঞ্জ ও জেলা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে গত বছরের ৬ সেপ্টেম্বর তিনি প্রথমবারের মতো রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি সাহসিকতা, কর্তব্য-নিষ্ঠা ও অনন্য সেবার স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) সেবা পদকও লাভ করেন তিনি।
উল্লেখ্য, কাজী আশরাফুল আজীম ২০০৫ সালের ২ জুলাই বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এর আগে তিনি ঢাকায় পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে শেরপুরে যোগদান করেন তিনি।









