উপজেলা নির্বাচন : তৃতীয় ধাপে বিনা ভোটে নির্বাচিত ১০ চেয়ারম্যান

খবর টি পড়েছেন : ১৯৫
উপজেলা নির্বাচন : তৃতীয় ধাপে বিনা ভোটে নির্বাচিত ১০ চেয়ারম্যান
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী উপজেলা নির্বাচনে আগামী ২৪ মার্চ ১২৭ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন অন্তত ১০ উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেন। পরে নিয়ম অনুযায়ী শুক্রবার সংশ্নিষ্ট রিটার্নিং কর্মকর্তা ১০ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে সাতজন এবং কিশোরগঞ্জ, নরসিংদী ও কক্সবাজার জেলায় একজন করে।
বরিশাল জেলার ৬ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিতরা হলেন- সদরে বর্তমান চেয়ারম্যন সাইদুর রহমান রিন্টু, গৌরনদীতে বর্তমান চেয়ারম্যান মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়ায় আব্দুর রইচ সেরনিয়াবত, বানারীপাড়ায় বর্তমান চেয়ারম্যান গোলাম ফারুক, বাকেরগঞ্জে বর্তমান চেয়ারম্যান শামসুল আলম চুন্নু, মুলাদীতে বর্তমান চেয়ারম্যান তরিকুল ইসলাম মিঠু। এ ছাড়া ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় সিদ্দিকুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারা সবাই আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী ছিলেন। এদিকে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় ভাইস চেয়ারম্যানরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এ দুই উপজেলায় নির্বাচন হবে না। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে এ উপজেলায় একক প্রার্থী হিসেবে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট বোন আছিয়া আলম। এ ছাড়া এই জেলার ১৩টি উপজেলার মধ্যে পাঁচটিতে মোট আটজন চেয়ারম্যান প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তবে এসব উপজেলায় আরও প্রতিদ্বন্দ্বী থাকায় যথানিয়মে ২৪ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কক্সবাজারের উখিয়া উপজেলায় তিন চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক চৌধুরী, এসএম ইমরুল কায়েস চৌধুরী ও আবুল মনছুর চৌধুরী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হামিদুল হক চৌধুরী উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।
নরসিংদীর পলাশে ভোট ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বিজয়ী হলেন তিন প্রার্থী। তারা হলেন- চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী পলাশ উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, ভাইস চেয়ারম্যান পদে কারীউল্লা সরকার ও নারী ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আক্তার।
মানিকগঞ্জে আনন্দ মিছিল :পঞ্চম ধাপে উপজেলা নির্বাচনে মানিকগঞ্জের সাতটি উপজেলার মধ্যে চারটিতেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সদরে ইসরাফিল হোসেন, সাটুরিয়ায় আবদুল মজিদ ফটো, হরিরামপুরে দেওয়ান সাঈদুর রহমান ও শিবালয়ে রেজাউর রহমান খান জানু। এ জন্য গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মিষ্টি বিতরণ করেন দলীয় নেতাকর্মীরা। পরে সেখান থেকে জেলা শহরে একটি আনন্দ মিছিল বের করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নারীর ক্ষমতায়নে অসাধারণ অবদান রাখায় শেখ হাসিনার পুরস্কার… পরবর্তী সংবাদ ঢাকা বারে আওয়ামীপন্থিদের নিরঙ্কুশ বিজয়

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads