ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরে আসন্ন উপজেলা নির্বাচনে এক প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। ১ মার্চ শুক্রবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা সদরে ওই মানবন্ধন করে রকিবুল ইসলাম রোকন নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর সর্মথকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ৫ম উপজেলা নির্বাচনের ৩য় ধাপে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য ঝিনাইগাতী উপজেলা পরিষদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ২৬ ফেব্রুয়ারি। কিন্তু সেই দিন ভাইস চেয়ারম্যান পদে রকিবুল ইসলাম রোকন নামে ওই প্রার্থী নির্দিষ্ট সময়ের কিছু সময় পরে তার মনোনয়ন পত্র জমা দিতে গেলে আইনগত দিক বিবেচনায় নির্বাচন কমিশন তা গ্রহণে অস্বীকৃতি জানায়।
বক্তারা বলেন, নির্ধারিত সময়ের ৪ মিনিট পরে রকিবুল ইসলাম রোকন মনোনয়ন জমা দিতে গেলে তা গ্রহন করা হয়নি। আমরা উপজেলাবাসী চাই তার মনোনয়ন গ্রহন করা হোক। ইতোমধ্যে আমরা মাননীয় আদালতের দ্বারস্থ হয়েছি, আশা করছি আদালতে আমরা ন্যায় বিচার পাব। সেই সাথে মনোনয়নপত্র গ্রহণপূর্বক নির্বাচনী মাঠে আমরা অংশগ্রহন করতে পারবো।
তবে এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ২৬ তারিখ বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় থাকলেও ওই প্রার্থী নিদিষ্টি সময়ে মনোনয়নপত্র জমা দেয়নি। তাই আইনগত কারণেই তার মনোনয়নপত্র জমা নেয়া সম্ভব হয়নি। তবে মহামান্য আদালত থেকে যদি আমরা কোন নির্দেশনা পাই সেই নির্দেশনা মোতাবেক পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করবো।









