শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘আগুনের শিড়দাঁড়া’ যে বয়ান, এ শুধু সহজ সুন্দরের আয়োজনই নয়, স্বাতন্ত্রিকতার ঘোষণাও। এভাবেই ভাঁজ খোলা হাদিউল ইসলাম খাপ খোলা তরবারির মতো ঝিলিক দিয়ে উঠেছেন। ঘটে যাওয়া কিছু ঘটনার আর্তনাদ আর পরিবর্তনের কথা নিয়ে কবি হাদিউল ইসলাম লিখেছেন আগুনের শিড়দাঁড়া। বইটি ঠাঁই পেয়েছে এবারের একুশের বইমেলায়।
বইটির ক্রেতা আর পাঠক প্রিয়তার প্রত্যাশা এ লেখকের। ১৫ ফেব্রুয়ারি শুক্রবার রাতে শেরপুরের শ্রীবরদীর পৌর শহরের হাসপাতাল রোডে এক বুকস্টলে চায়ের আড্ডায় প্রভাষক ও সাংবাদিক বন্ধুদের মাঝে বিতরণ করেন নিজের তুলিতে গাঁথা আগুনের শিড়দাঁড়া বইটি। মোহনা টিভির শেরপুর প্রতিনিধি রেজাউল করিম বকুল, প্রভাষক কেএম ফারুক, প্রভাষক আব্দুল বারী, প্রভাষক আশরাফুজ্জামান ও আতাউর বিএসসিসহ অনেকের মাঝেই বিতরণ করেন বইটি। ওই সময় বইটির কবিতাগুলো পাঠ করেন অনেকে। এতে হৃদয়ের আঙ্গিনায় নাঁড়া দেয়। জাগ্রত করে তুলে ঘুমিয়ে থাকা বিবেককে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বীরত্বসহ বইয়ে কয়েকটি কবিতা নিয়ে ওঠে আসে পরিবর্তনের নানা আলোচনা। পাঠকের চাহিদা মেটাতে কবিতাগুলোতে এনেছেন নতুনত্ব। একটি কবিতা পড়লে আরেকটি কবিতা পড়ার আগ্রহ জাগে।
কবি হাদিউল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবত কবিতা লিখে যাচ্ছি। নিজের লেখা বই একুশের বইমেলায় স্থান পাবে, এ প্রত্যাশা ছিল। তবে পাঠকদের ভাল লাগলেই আমি স্বার্থক।









