নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে প্রায় আড়াই মাস আগে বিয়ে হওয়া নববধূ তাসলিমা খাতুনকে যৌতুকের দাবিতে হত্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্বামী আনিসুর রহমানকে (২৫)। ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে তাকে শহরের ছিটপাড়াস্থ তার নানীর বাড়ি থেকে গ্রেফতার করে থানা পুলিশ।
জানা যায়, নালিতাবাড়ী পৌরসভার খালভাঙ্গা মহল্লার মোফাজ্জল হোসেন উরফে কেরালুর কন্যা তাসলিমা খাতুন এবং চরপাড়া গ্রামের সফির উদ্দিনের ছেলে আনিসুর রহমানের পারিবারিকভাবে প্রায় আড়াই মাস আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী আনিসুর রহমান স্ত্রী তাসলিমার কাছে যৌতুকের টাকা দাবি করে আসছিল। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল উভয়ের মাঝে। ১৩ ফেব্রুয়ারি বুধবার রাতে দুজনই খাওয়া দাওয়া করে নিজ ঘরে ঘুমাতে গেলে পরদিন সকালে ঘরের মেঝেতে তাসলিমার লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে থানা পুলিশ তাসলিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তাসলিমার পরিবারের অভিযোগ, আনিসুর যৌতুকের দাবিতে তাসলিমাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এদিকে ওই ঘটনার পর থেকেই পলাতক ছিল স্বামী আনিসুর রহমান। পরে নিহত তাসলিমার পিতা মোফাজ্জল হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ছিটপাড়াস্থ নানীর বাড়ি থেকে স্ত্রী তার অভিযোগে আনিসকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, গ্রেফতারকৃত আনিস প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে।









