স্টাফ রিপোর্টার ॥ অবৈধ ও অনুমোদনবিহীন ঔষধ রাখার দায়ে শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মামুন হোমিও হল নামে একটি হোমিওপ্যাথি ঔষধের দোকানকে জরিমানা করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি শনিবার দুপুরে শহরের খরমপুর এলাকায় পরিচালিত ওই অভিযানে অবৈধ ঔষধ রাখার দায়ে দোকান মালিক ছফির উদ্দিন মামুনকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের কারাদ-াদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। ওইসময় মামুন হোমিও হল এবং পার্শ্ববর্তী একটি কার্টুনের গোডাউন থেকে ৫ শতাধিক অবৈধ ও অনুমোদনবিহীন ঔষধের বোতল উদ্ধার করা হয়। পরে হোমিও হলের মালিক ছফির উদ্দিন মামুনকে ভ্রাম্যমান আদালত ১৯৪০ সনের ঔষধ আইনের ২৭ ধারা লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং অবৈধ ঔষধের বোতলগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।









