নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের নকলায় তৃণমূলের ভোটে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। ৩০ জানুয়ারি বুধবার শহরের কল্পনা সিনেমা হলে অনুষ্ঠিত ভোটে ৮ প্রার্থীর মধ্যে শফিকুল ইসলাম জিন্নাহ ৮৫ ভোট পেয়ে জয়ী হন।
এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বুরহান উদ্দিন ৮০ ভোট, উপ-নির্বাচনে নির্বাচিত বর্তমান উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ ৪২ ভোট, বর্তমান ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ১৪ ভোট, সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার আবুল মুনসুর ৫ ভোট, মুহাম্মদ মনির হোসেন ৪ ভোট পেয়েছেন। তাছাড়া মোঃ কামরুজ্জামান ও মিজানুর রহমান কোন ভোটই পাননি। তবে দু’টি ভোট নষ্ট হয়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার শাখাওয়াত হোসেন তুহিন। নির্বাচনে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের ২৩৪ ভোটারের মধ্যে ২৩২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিকে ভাইস-চেয়ারম্যান পদে দলীয় প্রতীক বরাদ্দ না থাকলেও আওয়ামী লীগের প্যানেল তৈরি করতে ভাইস-চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এর মধ্যে ভাইস-চেয়ারম্যান পদে মোঃ রফিকুল ইসলাম সোহেল ১২৫ ভোট পেয়ে জয়ী হন। অপর প্রার্থী আব্দুর রশিদ সরকার পেয়েছেন ১০৫ ভোট। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফরিদা ইয়াসমিন ১৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।









