নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ আসন্ন নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী নির্ধারণে তৃণমূল ভোটে তরুণ শিল্পপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন ১৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু পেয়েছেন ১২০ ভোট। এছাড়াও অন্যান্য প্রার্থীর মধ্যে আব্দুল হালিম উকিল পেয়েছেন ৭ ভোট এবং আসাদুজ্জামান পেয়েছেন ১ ভোট। ৩০ জানুয়ারি বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভোটগণনা শেষে ওই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মোস্তাফিজুর রহমান মুকুল।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সদস্য শেখ ফরিদ ৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ৬৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন উপজেলা কৃষক লীগের সদস্য নূরে আলম সিদ্দিকী জনি। ৩৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন প্রিন্সিপাল মুনিরুজ্জামান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আশুরা বেগম। ৩৪ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বন্দনা চাম্বুগং।
দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী নির্ধারণে গত ২৮ জানুয়ারি দলের কার্যনির্বাহী সভা আহবান করা হয়। সভায় ৬ জন প্রার্থী হলেও শেষ পর্যন্ত তৃণমূল ভোটে লড়াই করেন ৪ জন ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। বুধবার সকাল ১০টায় তৃণমূল ভোট শুরু হয়। বেলা ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ২৮২ জন ভোটারের মধ্যে ২৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বিকেল ৪টায় ফলাফল ঘোষণা করা হয়।




