স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জিয়াউল হক জেনারেলের (২৬) ৩ দিনের পুলিশ রিমাণ্ড মঞ্জুর হয়েছে। ২৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরে তদন্ত কর্মকর্তার আবেদনের বিষয়ে আসামীর উপস্থিতিতে উভয় পক্ষের শুনানী শেষে ওই আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার। অন্যদিকে ওই মামলায় এখনও গ্রেফতার হয়নি অন্য কোন আসামী।
কোর্ট সাব-ইন্সপেক্টর জামাল উদ্দিন রিমাণ্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের আদেশ মোতাবেক আগামি ৩০ জানুয়ারি থেকে ৫ দিনের মধ্যে আসামীকে ৩ দিনের জন্য রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফের প্রতিবেদনসহ আদালতে উপস্থাপন করতে হবে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার এসআই মিল্টন বলেন, গ্রেফতারকৃত আসামী জিয়াউল হক জেনারেলকে রিমাণ্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার মূল রহস্য এবং অজ্ঞাতনামা আসামীদের নামসহ পলাতক আসামীদের অবস্থান জানার মধ্য দিয়ে মামলার তদন্তে অগ্রগতি সাধিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে প্রতিদিন নেশার আড্ডা বসানোর কারণে এএসআই আব্দুল হান্নান ও রফিকুল ইসলামের মাধ্যমে ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার রবিবার বিকেলে থানায় ডেকে নিয়ে স্থানীয় কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মীকে সতর্ক করার জের ধরে ওইদিন রাত সাড়ে ৭টার দিকে আব্দুল হান্নান ও রফিকুল ইসলামকে শ্রীবরদী বাজারের চৌরাস্তা মোড়ে কর্তব্যরত অবস্থায় মারপিটসহ তাদের মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় এএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে ছাত্রলীগ নেতা জিয়াউল হক জেনারেলকে প্রধান আসামি করে স্ব-নামে ১২ জনসহ অজ্ঞাতনামা আরও ৮/১০জন নেতা-কর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা জিয়াউল হক জেনারেলকে সোমবার বিকেলে ৭ দিনের রিমাণ্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করে পুলিশ।









