শ্যামলবাংলা ডেস্ক : চট্টগ্রামে গণধর্ষণে অভিযুক্ত শাহাব উদ্দিন নামে এক যুবক ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ২৯ জানুয়ারি মঙ্গলবার ভোরে নগরীর কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডে ওই ঘটনা ঘটে।
পুলিশ বলছে, নিহত শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত ২৭ জানুয়ারি তিনি ও শ্যামল নামে আরেকজন এক মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে অস্ত্রের মুখে ধর্ষণ করে। তারা দুজনেই গাড়ি চালক। এ ঘটনায় শ্যামলকেও আটক করেছে পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, চকবাজারের ডিসি রোড থেকে শ্যামলকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফিরিঙ্গিবাজারে শাহাবুদ্দিনকে আটক করতে যায় পুলিশ। এ সময় পুলিশকে দেখে শাহাবুদ্দিন গুলি ছোড়ে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গুলিবিনিময় শেষে শাহবুদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গণধর্ষণে অভিযুক্ত শাহাব উদ্দিন নামে এক আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। এ বিষয়ে বিস্তারিত দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হবে।


























