ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে সেচপাম্পে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাইল হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোহাইল উপজেলার উত্তর ডেফলাই গ্রামের আবুল কাশেমের ছেলে। ২১ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলার নলকুড়া এলাকায় নিজ বাড়ির সামনে ওই ঘটনা ঘটে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল কাদের জানান, সোহাইল মাঠের কাজ সেরে দুপুরে বাড়ির পাশে থাকা সেচ পাম্পে গোসল করতে যায়। ওইসময় সেচপাম্প চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হয় সে। পরে আহত সোহাইলকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।









