নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র আওতায় শেরপুরের নকলা উপজেলায় রোপনকৃত বীজ আলু’র মাঠ পরিদর্শন করেছেন বিএডিসি’র বিভিন্ন স্তরের কর্মকর্তারা। ২১ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে আলু’র মাঠ পরিদর্শন করেন তারা।
মাঠ পরিদর্শনকালে বিএডিসি ঢাকার উপ-পরিচালক (মান নিয়ন্ত্রণ) এএসএম খায়রুল হাসান, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা এএসএম আক্তারুজ্জামান, বিএডিসি নকলা হিমাগারের উপ-পরিচালক (টিসি) কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপ-সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমানসহ বিএআরআই জামালপুর এর বৈজ্ঞানিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিএডিসি হিমাগারের উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, চলতি মৌসুমে নকলা উপজেলায় ২৫টি ব্লকে ৩শ একর জমিতে অর্ধশতাধিক চাষী ২ শতাধিক মেট্রিকটন বিএডিসি’র আলু বীজ রোপন করে। প্রতি একরে ৬ মেট্রিকটন করে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ হিসেবে উপজেলায় এ বছর মোট ১ হাজার ৮শ মেট্রিকটন বিএডিসি’র বীজ আলু উৎপাদন হবে বলে আমরা আশাবাদী।






