নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীতে অবৈধভাবে নদীর তীর ভেঙ্গে ও পাহাড় কেটে গর্ত খুড়ে লাল বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু তোলা শ্যালো ইঞ্জিন দিয়ে তৈরি ৬টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। ১৬ জানুয়ারি বুধবার বিকেলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওইসময় নালিতাবাড়ী সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া এলাকায় চেল্লাখালী নদীতে মিনি ড্রেজার মেশিন বসিয়ে কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা নদীর তীর ভেঙ্গে, পাহাড় কেটে ও পুকুরের মতো গর্ত তৈরি করে বালু উত্তোলন করে আসছিল। যা পরিবেশের জন্য হুমকী স্বরূপ। তাই বুধবার অভিযান চালিয়ে ওইসব অবৈধ ৬টি ড্রেজার মেশিন হাতুড়ি দিয়ে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পরিবেশ রক্ষায় ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।




