ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে সুজন চাম্বুগং (২৮) নামে এক আদিবাসী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ১৬ ডিসেম্বর রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে ওই লাশ উদ্ধার করা হয়। সুজন স্থানীয় পজিশন স্নালের ছেলে। পরিবারের ধারণা, অশান্তির জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।
জানা যায়, শনিবার বিকেলে পারিবারিক কারণে স্ত্রীর সাথে ঝগড়া করে সুজন। পরে তার মাকে দোকানে পাঠিয়ে দিয়ে নিজ বসত ঘরের দরজা বন্ধ করে দেয়। রাতে খাবারের জন্য ডাকাডাকি করলেও দরজা খুলেনি সুজন। রবিবার সকালেও ডাকাডাকি করলে সাড়া না পাওয়ায় দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে সুজনের ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে থানা পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।









