স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলায় আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ, নির্বাচনী অফিসে হামলা-পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হওয়া বিএনপির স্থানীয় ৮ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। ১৫ ডিসেম্বর শনিবার গ্রেফতারকৃতদের পুলিশ রিমাণ্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ সুলতানা ২৪ ডিসেম্বর শুনানীর তারিখ নির্ধারণ করে তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা হচ্ছেন সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদুর রহমান, মোবারক হোসেন বিএসসি, মাইনুল ইসলাম মোহন, রহুল আমীন, হাফিজুল হাসান, মাঈন উদ্দিন, শফিকুল ইসলাম ও ফরহাদ হোসেন।
জানা যায়, শুক্রবার রাত ৭টার দিকে নকলা উপজেলার টালকী ইউনিয়নের রামেরকান্দি বাজারে নির্বাচনী বিষয়াদি নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় টালকী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হযরত আলী বাদী হয়ে ৬১ জনকে স্ব-নামে ও অজ্ঞাতনামা আরও ১২০-১২৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া রাত ৮টার দিকে চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা বাজারে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কর্তব্যকাজে বাঁধা ও অ্যাসল্টের অভিযোগে পুলিশের এসআই ইউনুস আলী বাদী হয়ে আরেকটি পৃথক মামলা দায়ের করেন।




