স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে একটি পুরাতন মসজিদের ৩ তলা বিশিষ্ট নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ১০ ডিসেম্বর সোমবার দুপুরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর মোহাম্মদপুর গ্রামের ওই পুরাতন জামে মসজিদের নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি ইতালির নাপোলীস্থ বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন হাজারী। ওইসময় তিনি মসজিদের নির্মাণ কাজে তার তরফ থেকে ১০ হাজার ইট দিয়ে সহায়তার আশ্বাস দেন। সেইসাথে ওই প্রতিষ্ঠানের নির্মাণ কাজের সহায়তায় এলাকাবাসীর পাশাপাশি দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।
এ উপলক্ষে মসজিদ অঙ্গনে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট চিকিৎসক ডাঃ আনিসুল রহমান বাবুলের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ। ওইসময় অন্যান্যের মধ্যে চরশেরপুর ইউনিয়নের সচিব বিল্লাল হোসেন, প্রকৌশলী রবিউল ইসলাম রুবেল, সমাজসেবক আলহাজ্ব বাহাজ উদ্দিন সরকার, আলহাজ্ব আব্দুল মোতালেব সরকার, আলহাজ্ব হারুনুর রশিদ সরকার, শিক্ষানবিশ আইনজীবী তাজুল ইসলাম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাছানউজ্জামান সরকারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









